ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জানালার বিপরীতে দুটি চোখ

জানালার বিপরীতে দুটি চোখ
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬ | ০৬:৫২

| প্রিন্ট সংস্করণ

ওপারে জীবন 
নকুল শর্ম্মা

একঝাঁক বুনো বলাকা
পাখার বন্ধনে প্রণয়ের মালা গাঁথে,
ভালোবাসার শিহরণে জেগে ওঠে স্নিগ্ধ আকাশ।
জানালার বিপরীতে দুটি চোখ
স্বপ্ন আঁকা ভোরে হারিয়ে যায় এলোমেলো ভাবনা,
হৃদয়ের গভীর অরণ্যে অচেনা স্মৃতির বসবাস। 

মন হারানোর অদম্য উচ্ছ্বাস
মিথ্যার দেয়ালে ঢেকে যায় স্বপ্নীল অতীত অধ্যায়,
ভুল অতিথির অবেলায় দুর্বোধ্য পদচিহ্ন। 
সীমানার প্রাচীর শ্বাপদসংকুল
ইচ্ছা-অনিচ্ছার জাঁতাকলে পিষ্ট দুটি নীরব প্রাণ,
নিভৃতে কেঁদে মরে জানালার ওপারে জীবন।

 

বইয়ের গন্ধ
মামুন সরকার

পুরোনো বইয়ের একটা আলাদা গন্ধ আছে
যেটা কোনো পারফিউমে পাওয়া যায় না।
এই গন্ধে মিশে থাকে সময়,
হয়তো কোনো অচেনা পাঠকের আঙুলের ছাপ,
হয়তো কোনো লাইব্রেরির ধুলোমাখা তাক,
হয়তো কোনো বিকেলের একাকী পড়া।

একটা পুরোনো বই খুললেই মনে হয়
আমি শুধু একটা গল্প পড়ছি না,
আমি সময়ের ভেতর ঢুকে পড়ছি।
পাতাগুলো হলদে হয়ে গেছে,
কিছু জায়গায় ভাঁজ,
কিছু শব্দ ঝাপসা
তবুও এই অসম্পূর্ণতাই যেন তার সৌন্দর্য।

নতুন বই তোমাকে গল্প দেয়,
পুরোনো বই দেয় ইতিহাস।
এই গন্ধটা আসলে স্মৃতির
যেটা তুমি নিজের না হয়েও
নিজের মতো অনুভব করতে পার।

 

আলো ঝরার আগে
নুসরাত অপর্ণা 

ভোরের আকাশে নরম নীলের ভাঁজ,
চুপিচুপি নামে দিনের প্রথম সাজ,
অচেনা স্বপ্নেরা ডাকে দূর পথে
জীবন যেন হাঁটে নিজেরই রথে।
পাতার ফাঁকে ফাঁকে রোদ ঝরে পড়ে,
অভিমান মিশে যায় হাওয়ারই ঘরে,
এক মুঠো হাসি আর একটু ভালোবাসা
এই তো জীবনের সহজ ভাষা।
শহরের ভিড়ে হারিয়ে যাই কত,
তবু মন খোঁজে নীরবতার মতো,
একটু শান্তি, এক ফালি আকাশ
যেখানে থামে সব ক্লান্তির নিঃশ্বাস।
যদি কখনও পথ থেমে যায় হঠাৎ,
হতাশার ছায়া ঢেকে ফেলে প্রভাত,
মনে রেখো–অন্ধকারেরই শেষে,
আলো ঝরে পড়ে নতুন রূপে এসে।
জীবন মানে শুধু পাওয়া না হারানো,
কিছু না বলা কথা, কিছু না জানানো,
তবু এই চলাতেই সৌন্দর্য লুকায়
প্রতিটি ভাঙনে নতুন গল্প ফোটায়।

 

হাওরের স্বপ্ন 
মহসিন কবির 

হাওর পারে জন্ম আমার
কৃষি কাজে ধন্য, 
ফসল দেখি সজল চোখে
অন্য কারও পণ্য!

কাদা-জলে স্বপ্ন বুনি
রক্ত করা ঘাম
হাড়ভাঙা সেই মেহনতের
জোটে না তো দাম!

একটি মাত্র রিজিক সন্ধান
ছয় মাসে সাজাই, 
উঁচু তলার কলম সাহেব
বাঁধে দেয় মাড়াই! 

পাহাড়ি ঢল অতিবৃষ্টি 
নিত্য ক্ষণে ক্ষণে, 
মন উনুনে জ্বলে ওঠে
স্বপ্ন ধনে মনে।
 

 

রক্তিম উচ্চারণ
আলী আকবর বাবুল 

শূন্য আকাশে নতুন দিনের ঢাক বাজে
সূর্য যেন লাল কুমোরের চাকার ঘূর্ণি
পুড়ে যাওয়া সময়ের ভস্মে জন্ম নেয় ঘাসের সবুজ ভাষা
বাতাসে ঝরে পড়ে অচেনা পাখির উচ্চারণ।

পান্তা ভাতের বাটিতে লুকিয়ে থাকে মাটির স্মৃতি
ইলিশের রুপালি আঁশে নদী লিখে যায় তার আত্মজীবনী
মঙ্গলযাত্রার মুখোশে অর্ধেক মানুষ অর্ধেক পৌরাণিক প্রাণ

শঙ্খধ্বনির ভেতর জেগে ওঠে হাজার বছরের প্রার্থনা।
সময় আসে আগুনের মতো অথচ তার বুকে জলের দাগ
কৃষ্ণচূড়ার পাপড়িতে লেগে থাকে লালচে বিপ্লব
কোনো বাউল দূর থেকে ছুড়ে দেয় অদৃশ্য এক বীণার সুর
যেন সময় নিজেই খুলে ফেলছে তার পুরোনো চামড়া।

এই নতুন পথচলা এক অদ্ভুত পুনর্জন্মের দরজা
যেখানে ক্লান্ত শহরও হঠাৎ গ্রাম হয়ে যায়
মানুষেরা নিজেদের নাম ভুলে গিয়ে হয়ে ওঠে উৎসব
আর পৃথিবী নতুন করে শেখে–কীভাবে আবার শুরু করতে হয়।

আরও পড়ুন

×