ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কঠিন শব্দের নীরবতা

কঠিন শব্দের নীরবতা
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ০৭:১২

| প্রিন্ট সংস্করণ

নদীর নাম সর্বনাশা
সানজিদা পাঠান

আমার হৃদয় এক উচ্ছৃঙ্খল নদী
ঢেউয়ে ঢেউয়ে বলে তোমার কথা 
মুখের কোণে মলিন হাসি 
গহিনে তার কত বিচ্ছেদ ব্যথা!
বুকে তার ফুটে কত 
কঠিন শব্দের নীরবতা।
জলে তার দুঃখ ঝরে 
তোমার চোখে ঝলসে মরে।
বয়ে চলে আঁকাবাঁকা 
মিলবে সমুদ্দুরে
ফুরোবে না কভু এই দুর্দশা 
জানলে না তুমি প্রিয়
নদীর নাম সর্বনাশা!

 

বৃষ্টি ও কবি
শ্যামল বণিক অঞ্জন

আজকাল বৃষ্টি নিয়ে তেমন কবিতা লেখে না কবি
বর্ষা এলেও আবেগে ভাসে না আর
বর্ষাটা হয়ে গেছে অপ্রিয় একটা ঋতু!
বর্ষা-বৃষ্টি নিয়ে আবেগের মৃত্যু ঘটেছে অকালে।

কবি দাঁড়িয়ে ইস্পাত কঠিন বাস্তবতার মুখোমুখি
হঠাৎ বৃষ্টিতে নড়বড়ে জীর্ণ শীর্ণ ঘরে থইথই জল,
ভিজে যায় রাত্রি যাপনের বিছানা, বালিশ, 
কাটে বেহিসেবি অদ্ভুত বিনিদ্র রজনি। 

দিনমান ভিজে চুপসে একাকার হয়– 
দুমুঠো অন্নের ব্যবস্থা করে সন্ধ্যায় ঘরে ফিরে 
ক্লান্ত পরিশ্রান্ত হয়েও শুরু হয় নতুন যুদ্ধ,
সমস্ত হৃদয়জুড়ে গড়ে প্রবল ঘৃণার বসতি। 

নিদারুণ অভিমানে থামিয়ে দিয়েছে কলম
বর্ষাকে সাজায় না নিজের মনের মতো করে 
হৃদয় মাধুরী দিয়ে নান্দনিকতার ছোঁয়ায়,
লেখে না আর কোনো কবিতা বৃষ্টি নিয়ে।

অঝোর বরিষনে কাঁদে মন নীরবে নিভৃতে;
দারিদ্র্যে পিষ্ট আবেগগুলোর মৃত্যুর মিছিলে।

 

মানুষ ভাঙার ইতিহাস
সেলিম আহমেদ

এই অভিশপ্ত জীবনে
কতবার শব্দদের ডেকেছি কাছে,
তারা এসেছে
কিন্তু কবিতা হয়ে ওঠেনি কখনও।

কলমের ডগায় জমে ছিল
অগণিত না-বলা কান্না,
তবুও কাগজ শুধু সাদা থেকেছে,
ঠিক আমার ভাগ্যের মতো।

আমি লিখতে চেয়েছিলাম
একটা মানুষের ভাঙার ইতিহাস,
একটা নিঃশব্দ রাতের আর্তনাদ,
একটা বুকভরা একাকিত্ব–
কিন্তু ভাষা বারবার হার মেনেছে।

তবুও হাল ছাড়িনি আমি,
কারণ যে মানুষ বারবার ব্যর্থ হয়েও
আবার লিখতে বসে,
সে হয়তো কবিতা লিখতে পারে না–
কিন্তু তাঁর জীবনটাই
একটি অসমাপ্ত কবিতা হয়ে থাকে।

 

রণে সংশয়
আরিফ রানা

ওদিকে ইরান-ইসরায়েলে রণ শপথ,
মিসাইলের ব্যালটে তাজা রক্ত।
আকাশে ড্রোন, মাটিতে কবর,
রাজনীতির জিহ্বায় গরম বারুদের গন্ধ।
আওয়াজ তোলে ‘মহাসংকট’ চেয়ে দেখ!
পর্দার আড়ালে ভাগ হয় বাজেটের কেক।
ম্যাংগো-পিপল নিছক নাটকের চরিত্র,
স্ক্রিপ্ট লেখে শাসকদলীয় প্রযোজক।
এই পথ ছিল একদিন প্রতিবাদের,
আজ তা সেলফি স্পট–
এক ক্লিকে বিপ্লব, দুই ক্লিকে যাই ভুলে সব,
তৃতীয় ক্লিকে আবার নতুন ট্রেন্ড।
রাজনীতি এখন বিজ্ঞাপনের ব্র্যান্ড,
বাকশক্তি নিঃশেষ, প্রচারমূল্যে বাক্যের দর।
তাই যখন রণ শপথ হয় ওদিকে,
এইদিকে কেবল নিঃশব্দ অভিসন্ধির রাজপথ।

আরও পড়ুন

×