ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পাঠচক্রে কবিগুরুর কর্ম ও জীবন

পাঠচক্রে কবিগুরুর কর্ম ও জীবন
×

রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্ম নিয়ে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা শেষে রাজবাড়ী শহরের আজাদী ময়দান মুক্তমঞ্চে অতিথি ও সুহৃদদের একাংশ

সৌমিত্র শীল চন্দন

প্রকাশ: ১৯ মে ২০২৬ | ০৭:১৭

| প্রিন্ট সংস্করণ

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তীতে সুহৃদ সমাবেশ রাজবাড়ী আয়োজন করে পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতার। কবির কর্ম ও জীবন নিয়ে আলোচনায় উঠে আসে বহুমুখী প্রতিভা, মানবতাবাদী দর্শন এবং আধুনিক বাঙালি মানস গঠনে তাঁর অপরিসীম অবদানের কথা। রোববার বিকেলে স্থানীয় সমকাল কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনার পাশাপাশি পাঠ প্রতিক্রিয়া, আবৃত্তি, গান ও কুইজে অংশ নেন সুহৃদরা 

তুমি নব নব রূপে এসো প্রাণে,/এসো গন্ধে বরনে এসো গানে।।/এসো অঙ্গে পুলকময় পরশে,/ এসো চিত্তে সুধাময় হরষে,/এসো মুগ্ধ মুদিত দু’ নয়ানে।।/এসো নির্মল উজ্জ্বল কান্ত,/এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত…। কবিগুরুর লেখা উচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা।  
রবীন্দ্রনাথ ঠাকুরকে জানতে হবে। তাঁকে ধারণ করতে হবে। সাহিত্যের সমস্ত শাখায় ছিল তাঁর অবাধ বিচরণ। তাঁর ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনায় ঋদ্ধ হয়েছেন সুহৃদরা। তাদের কথায় দারুণ এক বিকেল কেটেছে রবীন্দ্রনাথের জীবন ও কর্মে। 
আলোচনক সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, রবীন্দ্রনাথের সঙ্গে কারও তুলনা চলে না। তিনি বাংলা সাহিত্যের মহিরুহ। ইংরেজ কবি জন মিল্টন হয়তো মহাকাব্য লিখেছেন, কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের সব শাখায় বিচরণ করেছেন। অনেকেই বলেন, কাজী নজরুলের সঙ্গে তাঁর অসাধারণ সম্পর্ক ছিল। রবীন্দ্রনাথ বসন্ত নাটকটি নজরুলকে উৎসর্গ করেছিলেন। নজরুল যখন জেলে ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে টেলিগ্রাম করে লিখেছিলেন, ‘বাংলা সাহিত্যের জন্য তোমাকে প্রয়োজন’। তিনি বলেন, সাহিত্যের সত্যি ইতিহাসটা জানতে হবে। না জেনে না বুঝে বিভ্রান্ত হওয়া যাবে না। রবীন্দ্রনাথ তাঁর জীবনে ৩৭টি দেশ ভ্রমণ করেছেন। ওই সময়ে এতগুলো দেশ ভ্রমণ করা সহজ ছিল না।
রাজবাড়ী সুহৃদ উপদেষ্টা মুহাম্মদ সাইফুল্লাহ বলেন, রবীন্দ্রনাথের সৃষ্টির ব্যাপকতা বিশাল। বাংলা সাহিত্যের এক বড় অংশজুড়ে রয়েছেন তিনি। শুধু একজন কবি নন, তিনি ছিলেন বাংলা সংস্কৃতি ও মানবতার এক অনন্য দিশারি। তাঁর সাহিত্যকর্মে মানুষের আনন্দ-বেদনা, প্রেম, প্রকৃতি, দেশপ্রেম ও জীবনের গভীর দর্শন অত্যন্ত সূক্ষ্মভাবে ফুটে উঠেছে। কবিতা, গান, ছোটগল্প, উপন্যাস, নাটক বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় তিনি অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর রচিত ‘গীতাঞ্জলি’ বিশ্বসাহিত্যে বাংলা ভাষাকে বিশেষ মর্যাদা এনে দেয় এবং নোবেল পুরস্কারের মাধ্যমে তিনি বাঙালি জাতিকে গৌরবান্বিত করেন। রবীন্দ্রনাথের চিন্তা ও দর্শন আজও সমাজকে মানবতা, অসাম্প্রদায়িকতা ও সৌন্দর্যের শিক্ষা দেয়। বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের সাহিত্যচর্চা কেবল জ্ঞানার্জনের মাধ্যম নয়; বরং নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনেরও এক গুরুত্বপূর্ণ উৎস।
সুহৃদ উপদেষ্টা নুরতাজ তাজিয়া বলেন, রবীন্দ্রনাথের গানে প্রকৃতি ও মানুষের মধ্যে দারুণ এক মেলবন্ধন দেখা যায়। তাঁর গানে ঋতুর পরিবর্তন, নদী, পাখি, ফুল ও বাংলার গ্রামীণ সৌন্দর্য জীবন্ত হয়ে উঠেছে। প্রকৃতির রূপের সঙ্গে মানুষের আবেগ, ভালোবাসা, বিরহ ও আনন্দকে তিনি অত্যন্ত নিপুণভাবে একসূত্রে গেঁথেছেন। তাই রবীন্দ্রসংগীত শুনলে মানুষের মনে এক ধরনের প্রশান্তি ও আত্মিক অনুভূতির সৃষ্টি হয়। তাঁর গানে যেমন বর্ষার মুগ্ধতা আছে, তেমনি আছে বসন্তের উচ্ছ্বাস ও শরতের নির্মলতা। এই বৈচিত্র‍্যময় উপস্থাপনা বাংলা সংগীতকে করেছে সমৃদ্ধ ও অনন্য।
রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি আহসান হাবীব হাসুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় আরও অংশ নেন সুহৃদ কলেজশিক্ষক অপূর্ব কুমার দাস, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম, সংস্কৃতিকর্মী ওমর ফারুক, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মো. মানিক হোসেন, অর্থ ও দপ্তর সম্পাদক রিফাত মোল্লা, অনুষ্ঠানবিষয়ক সম্পাদক এম কে সাইমুম, শিক্ষার্থী স্নেহাশীষ পণ্ডিত প্রমুখ। 
আলোচনা শেষে রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম ও জীবনী নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম রিফাত মোল্লা, দ্বিতীয় স্নেহাশীষ পণ্ডিত এবং যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করে স্মৃতি প্রামাণিক ও এম কে সাইমুম। 
অনুষ্ঠানে আরও অংশ নেন রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, নাট্যকার অজয় দাস তালুকদার, আবৃত্তি প্রশিক্ষক গোলাম মোর্তজা সাগর, নাসরিন আক্তার, সুহৃদ সহসভাপতি রবিউল রবি, সুহৃদ ফারহান শাহরিয়ার, আমিনুল ইসলাম, তাসকিন হাসান, ফরিদ হোসেন, খালিদ হোসাইন নয়ন, আরিফ আন্‌জুম, নাহিদ হাসান, স্মৃতি প্রামাণিক, আবু সায়েম, মিতু আফরোজ তোয়া মেহেদী হাসান, ইয়াসমা পাটোয়ারী প্রমুখ।  
সমন্বয়ক, সুহৃদ সমাবেশ, রাজবাড়ী প্রতিনিধি 

আরও পড়ুন

×