সাক্ষাৎকার
ঋণের ৫০% এসএমইতে নেওয়া লক্ষ্য
এস এম মঈনুল কবীর
এস এম মঈনুল কবীর এমডি, এসবিএসি ব্যাংক
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ০৭:৫৭
| প্রিন্ট সংস্করণ
সমকাল: এসএমই উদ্যোক্তাদের অর্থায়নে কী কী প্রতিবন্ধকতা রয়েছে?
এস এম মঈনুল কবীর: এসএমই উদ্যোক্তাদের জন্য প্রতিবন্ধকতা শুধু জামানত বা সুদহার নয়, বরং একটি সমন্বিত চ্যালেঞ্জের সমষ্টি। অনেক উদ্যোক্তার ভালো ব্যবসায়িক সম্ভাবনা থাকলেও পর্যাপ্ত জামানত, সঠিক হিসাবরক্ষণ, আর্থিক নথিপত্র এবং ব্যাংকযোগ্য তথ্যের ঘাটতি থাকে। ফলে অর্থায়নের ঝুঁকি মূল্যায়ন কঠিন হয়ে পড়ে। একই সঙ্গে কাঁচামালের মূল্যবৃদ্ধি, বাজারের অনিশ্চয়তা এবং নগদপ্রবাহের চাপও উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ। এ জন্য প্রচলিত জামানতনির্ভর ব্যাংকিংয়ের পাশাপাশি ক্যাশ ফ্লো-ভিত্তিক অর্থায়ন, ক্রেডিট গ্যারান্টি স্কিম এবং প্রযুক্তিনির্ভর ঋণ মূল্যায়ন ব্যবস্থার আরও বিস্তৃতি প্রয়োজন।
সমকাল: আপনার ব্যাংকের এসএমই অর্থায়ন পরিস্থিতি জানতে চাই।
এস এম মঈনুল কবীর: এসবিএসি ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকেই কৃষি, ক্ষুদ্র, কুটির ও মাঝারি উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে গুরুত্ব দিয়ে আসছে। আমরা বিশ্বাস করি, দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হলে এসএমই খাতকে শক্তিশালী করার বিকল্প নেই। এ কারণেই ব্যাংকটির মোট ঋণ পোর্টফোলিওতে এসএমই অর্থায়নের অংশ উল্লেখযোগ্যভাবে বাড়াতে আমরা কাজ করছি এবং ভবিষ্যতে ৫০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। আমাদের শাখা ও উপশাখা নেটওয়ার্কের মাধ্যমে দ্রুত ও সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রয়োজন বিবেচনায় আমরা কর্মপরিধি, ব্যবসার ধরন এবং নগদপ্রবাহ বিশ্লেষণ করে অর্থায়নের ব্যবস্থা করছি। পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প, উৎপাদনমুখী উদ্যোগ, নারী উদ্যোক্তা এবং নতুন উদ্যোক্তা তৈরির জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও নীতিমালা অনুসরণ করে একটি দায়িত্বশীল ও গ্রাহকবান্ধব এসএমই ব্যাংকিং পরিবেশ গড়ে তোলার কাজ করছি।
সমকাল: ছোট ও মাঝারি উদ্যোক্তারা চাহিদা অনুযায়ী অর্থায়ন পাচ্ছেন বলে মনে করেন?
এস এম মঈনুল কবীর: বাংলাদেশে এসএমই অর্থায়নের পরিধি গত এক দশকে উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে এবং ব্যাংকগুলো এ খাতকে ক্রমবর্ধমান গুরুত্ব দিচ্ছে। তবে বাস্তবতা হলো, দেশের বিপুলসংখ্যক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার তুলনায় অর্থায়নের সুযোগ এখনও পর্যাপ্ত নয়। বিশেষ করে গ্রামীণ অঞ্চল, নারী উদ্যোক্তা, স্টার্টআপ এবং নতুন উদ্যোক্তাদের কাছে প্রয়োজনীয় অর্থায়ন পৌঁছাতে আরও কাজ করতে হবে। এসবিএসি ব্যাংক মোট ঋণের ৫০ শতাংশ এসএমই খাতে বিতরণের লক্ষ্য নিয়ে কাজ করছে। আমরা বিশ্বাস করি, প্রযুক্তিনির্ভর সেবা, এজেন্ট ব্যাংকিং এবং সহজতর ঋণ প্রক্রিয়ার মাধ্যমে এসএমই অর্থায়নের বিস্তার আরও ত্বরান্বিত করা সম্ভব।
সমকাল: নারী, তরুণ ও নতুন উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সহজ করতে কী ধরনের নীতিগত পরিবর্তন প্রয়োজন?
এস এম মঈনুল কবীর: নারী, তরুণ এবং নতুন উদ্যোক্তারা দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি। কিন্তু তাদের অনেকের ব্যবসার ইতিহাস, জামানত বা পর্যাপ্ত মূলধন থাকে না। তাই এ শ্রেণির উদ্যোক্তাদের জন্য ক্রেডিট গ্যারান্টি সুবিধা সম্প্রসারণ, সহজ শর্তে অর্থায়ন, দ্রুত ঋণ অনুমোদন এবং প্রশিক্ষণভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি ডিজিটাল তথ্যভান্ডার ও বিকল্প ক্রেডিট স্কোরিং ব্যবস্থা চালু করা গেলে নতুন উদ্যোক্তাদের ঝুঁকি মূল্যায়ন সহজ হবে। ব্যাংকিং সেবা আরও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার, নিয়ন্ত্রক সংস্থা ও ব্যাংকগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
- বিষয় :
- সাক্ষাৎকার
