ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কী লেখা আছে কাবার দরজায়

কী লেখা আছে কাবার দরজায়
×

পবিত্র কাবার দরজা। ছবি- সংগৃহীত

 কামরুন নাহার 

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১১:০৯

কাবার দরজার গিলাফে আরবি হরফে পবিত্র কোরআনের আয়াত ও বিভিন্ন তসবি লেখা রয়েছে। ক্যালিগ্রাফিখচিত হওয়ায় কেউ কেউ এই লেখাগুলো বুঝতে পারেন না। অনেকের জানার আগ্রহ, কী লেখা আছে পবিত্র কাবার দরজায়। আয়াতগুলো হলো–

সুরা আল-ইমরান, আয়াত: ১৩৩
‘পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। তোমরা প্রতিযোগিতা করো তোমাদের প্রতিপালকের কাছ থেকে ক্ষমা ও জান্নাত লাভের জন্য, যা আকাশ ও পৃথিবীর সমান প্রশস্ত, যা সাবধানীদের জন্য প্রস্তুত করা হয়েছে।’

সুরা বাকারা, আয়াত: ১৪৪
‘পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। আমি লক্ষ করি, তুমি আকাশের দিকে বারবার তাকাও। তাই তোমাকে এমন এক কিবলার দিকে ঘুরিয়ে দিচ্ছি, যা তুমি পছন্দ করবে। সুতরাং তুমি মসজিদুল হারামের (কাবা) দিকে মুখ ফেরাও। তোমরা যেখানেই থাক না কেন, কাবার দিকে মুখ ফেরাও। আর যাদের কিতাব দেওয়া হয়েছে, তারা নিশ্চিতভাবে জানে যে এটা তাদের প্রতিপালক-প্রেরিত সত্য। তারা যা করে, তা আল্লাহর অজানা নেই।’

সুরা ফাতহ, আয়াত: ২৭
‘পরম করুণাময় ও অসীম দয়াময় আল্লাহর নামে। আল্লাহ তাঁর রাসুলের স্বপ্ন পূর্ণ করেছেন। আল্লাহর ইচ্ছায় তোমরা অবশ্যই মসজিদুল হারামে নিরাপদে প্রবেশ করবে, কেউ-কেউ মুণ্ডিত মাথায়, কেউ-কেউ চুল ছেঁটে। তোমাদের কোনো ভয় থাকবে না। আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। এ ছাড়া তিনি তোমাদের দিয়েছেন এক আসন্ন বিজয়।’

সুরা বাকারা, আয়াত: ২৫৫ (আয়াতুল কুরসি)
‘পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, অনাদি। তাঁকে না তন্দ্রা স্পর্শ করে, না নিদ্রা। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে, সবই তাঁর। তাঁর অনুমতি ছাড়া কে আছে যে তাঁর কাছে সুপারিশ করবে? তাদের (মানুষের) সামনে ও পেছনে যা কিছু আছে, তিনি তা জানেন। তিনি যা ইচ্ছা করেন, তা ছাড়া তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। আকাশ ও পৃথিবীব্যাপী তাঁর আসন আর তাদের রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি অত্যুচ্চ মহামহিম।’

সুরা ইখলাস
‘পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। বলো, তিনি আল্লাহ (যিনি) এক ও অদ্বিতীয়। আল্লাহ সবার নির্ভরস্থল। তিনি কাউকে জন্ম দেননি ও তাঁকেও কেউ জন্ম দেয়নি। আর তাঁর সমতুল্য কেউ নেই।’

সুরা ফাতহ, আয়াত: ২৯
‘মুহাম্মদ আল্লাহর রাসুল। তাঁর সঙ্গীরা অবিশ্বাসীদের প্রতি কঠোর আর নিজেরা পরস্পরের প্রতি সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তুমি তাদের রুকু ও সিজদায় নমিত দেখবে। তাদের মুখমণ্ডলে সিজদার চিহ্ন থাকবে। তাদের সম্বন্ধে এমন বর্ণনা আছে তাওরাত আর ইঞ্জিলে। তাদের উপমা একটি চারাগাছ, যা থেকে কিশলয় গজায়, তারপর তা দৃঢ় ও পুষ্ট হয় এবং পরে কাণ্ডের ওপর শক্ত হয়ে দাঁড়ায়, চাষিকে আনন্দ দেয়। এভাবে আল্লাহ বিশ্বাসীদের উন্নতি করে কাফেরদের অন্তর্জ্বালা সৃষ্টি করেন। যারা বিশ্বাস করে ও সৎকাজ করে, আল্লাহ তাদের ক্ষমা ও মহাপুরস্কারের প্রতিশ্রুতি দিচ্ছেন।’
আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তিনি সত্য প্রতিপালক ও প্রকাশ্য সত্য। মুহাম্মদ (সা.) আল্লাহর প্রেরিত রাসুল, তিনি সত্যবাদী ও বিশ্বস্ত।

সুরা কুরাইশ
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। কুরাইশদের সংহতির জন্য, শীত ও গ্রীষ্মের সফরে তাদের সংহতির জন্য, তাদের উপাসনা করা উচিত এই (কাবা) গৃহের প্রতিপালকের, যিনি তাদের ক্ষুধায় খাদ্য দান করেছেন এবং ভয়ভীতি থেকে নিরাপত্তা দান করেছেন।

তসবি
উপরে, মধ্যখানে ও নিচে থাকা গোলাকৃতির ছয়টি বক্সে লেখা আছে, ‘রাব্বি আল্লাহ’; অর্থ: আল্লাহ আমার পালনকর্তা। চার জায়গায় লেখা আছে, ‘হাসবি আল্লাহ’; অর্থ: আল্লাহ আমার জন্য যথেষ্ট।

মক্কায় প্রস্তুত বর্তমান গিলাফটি কাবা শরিফের জন্য উপহার হিসেবে দিয়েছেন সৌদি আরবের বর্তমান বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। তাঁকে বলা হয়, খাদেমুল হারামাইন আশ-শারিফাইন, অর্থাৎ, মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের সেবক তিনি।

আরও পড়ুন

×