হাফসার (রা.) খোলা জানালা নবীপ্রেমের উজ্জ্বল নিদর্শন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১১:২৬
মদিনায় নবীজির (সা.) রওজা মোবারকের দক্ষিণ পাশে একটি খোলা জানালা আছে। মসজিদে নববির সালাম গেট দিয়ে সামনে এগোতে থাকলে হাতের ডান পাশে চোখে পড়বে জানালাটি। এটা হজরত হাফসা (রা.)-এর জানালা। এটি প্রায় দেড় হাজার বছর ধরে খোলা। জানালাটি কখনও বন্ধ হয়নি। নবীজির (সা.) রওজা মোবারককে সালাম দেওয়ার জন্য পশ্চিম দিক থেকে প্রবেশ করে পূর্ব দিকে বের হতে হয়। রওজা বরাবর এসে হাতের বামে উত্তরমুখী হয়ে সালাম দিতে হয়। নবীজি (সা.) এখন যেখানে শুয়ে আছেন সেটি ছিল আয়েশা সিদ্দিকার (রা.) ঘর। এর ঠিক বিপরীত দিকে দক্ষিণ পাশের দেয়ালেই জানালাটির অবস্থান। এখানেই ছিল হজরত ওমরের (রা.) মেয়ে হাফসার (রা.) ঘর।
মসজিদে নববির পূর্ব পাশে সারিবদ্ধভাবে ছিল নবীজি (সা.)-এর স্ত্রীদের ঘর। আয়েশা (রা.) ও হাফসার (রা.) ঘর ছিল মুখোমুখি। মাঝের গলিপথ দিয়ে সবাই রওজায় সালাম করতেন।
শর্ত রাখলেন, আবদুল্লাহ ইবনে ওমরের যে বাড়িতে তিনি উঠছেন রওজা শরিফ বরাবর তার দেয়ালে একটি জানালা খুলতে হবে এবং জানালাটি কখনও বন্ধ করা যাবে না।
হজরত ওমর (রা.)-এর খেলাফতের সময় ১৭ হিজরিতে মসজিদে নববি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হলে রওজায় সালাম দেওয়ার সুবিধার্থে হাফসা (রা.)-এর ঘরটি সরিয়ে ফেলার প্রয়োজন দেখা দেয়। তিনি তখনও সেই ঘরে বাস করতেন। ওমর (রা.) চিন্তায় পড়ে গেলেন। কীভাবে তিনি মেয়ে হাফসাকে (রা.) বলবেন ঘরটি ছেড়ে দিতে। অবশেষে মেয়ের সঙ্গে দেখা করতে গেলেন। হাফসার (রা.) ঘরের প্রতিটি কোনায় নবীজির (সা.) স্পর্শ ও স্মৃতি। এই ঘর তাঁকে ছাড়তে হবে, কিছুতেই মেনে নিতে পারছিলেন না। হাউমাউ করে কেঁদে উঠলেন। ওমর (রা.) ফিরে গেলেন।
পরদিন আয়েশা সিদ্দিকা (রা.)-কে পাঠালেন। আরও অনেকে তাঁকে অনুরোধ করলেন। কিন্তু হাফসা (রা.) অনড়। তাঁকে বলা হলো, এই হুজরার (ঘরের) বিনিময়ে মদিনার সবচেয়ে বড় বাড়িটি তাঁকে উপহার দেওয়া হবে। তাতেও তিনি রাজি হলেন না। কিছুদিন পর হজরত ওমর (রা.) পুত্র আবদুল্লাহকে সঙ্গে নিয়ে আবার তাঁর কাছে এলেন। এবার ভাই আবদুল্লাহ বোনের কাছে আবেদন রাখলেন যেন তিনি মুসলিমদের স্বার্থে ঘরটি ছেড়ে দেন। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বাড়িও হাফসার (রা.) হুজরার লাগোয়া ছিল। তিনি বোনকে অনুরোধ করলেন তাঁর বাড়িতে ওঠার জন্য। তিনি বোনের জন্য এই বাড়ি ছেড়ে অন্যখানে চলে যাবেন। যেহেতু এই বাড়িও তাঁর হুজরার সঙ্গেই। তিনি নবীজির (সা.) কাছেই অবস্থান করবেন।
এবার তিনি রাজি হলেন। তবে শর্ত রাখলেন, আবদুল্লাহ ইবনে ওমরের যে বাড়িতে তিনি উঠছেন রওজা মোবারক বরাবর দেয়ালে একটি জানালা খুলতে হবে এবং জানালাটি কখনও বন্ধ করা যাবে না। যেন জানালা দিয়ে রওজার দিকে তিনি তাকিয়ে থাকতে পারেন। হজরত ওমর (রা.) আশ্বাস দিলেন যে কখনও জানালাটি বন্ধ করা হবে না।
আজ থেকে হাজার বছর আগে হাফসা (রা.) ইন্তেকাল করেন। এর মধ্যে বহুবার মসজিদে নববির পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করা হয়েছে, কিন্তু কেউই হজরত ওমর (রা.)-এর প্রতিশ্রুতি ভঙ্গ করেননি। সে কারণে খোলা জানালাটি আজও নবীপ্রেমের নিদর্শন হিসেবে রয়ে গেছে।
- বিষয় :
- মসজিদে নববী
- রওজা মোবারক
