ইরানিদের নিয়ে আসতে চেয়েছিল আফগানিস্তান!
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ১৫:২৫
নানা কারণে নিজ দেশে খেলতে পারে না আফগানিস্তানের নারী হ্যান্ডবল দল। অনুশীলন ও খেলাধুলার জন্য তারা বেছে নেয় সীমান্তবর্তী দেশ ইরান। সেখানে প্রতিনিয়ত অনুশীলন করে যাচ্ছেন তারা। আফগানিস্তানের এই নারী দলটির বাংলাদেশে অনুষ্ঠেয় খালেদা জিয়া আইএইচএফ ট্রফিতে খেলার কথা ছিল।
কিন্তু আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের কাছে যে নাম পাঠিয়েছিল তারা, সেখানে আছেন ইরানের পাঁচ নারী খেলোয়াড়, যাদের পাসপোর্ট ইরানি। দলটি আফগানিস্তানের নামে খেললেও সেখানে পাঁচ ইরানি পাসপোর্টধারী খেলোয়াড় নিয়ে বাংলাদেশে আসতে চেয়েছিল আফগান নারী হ্যান্ডবল দল। তাদের এই প্রচেষ্টা আটকে যায় আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের কাছে। নিয়ম ভেঙে এভাবে আফগানিস্তানে ঢাকার টুর্নামেন্টে খেলার অনুমতি দেয়নি বিশ্ব হ্যান্ডবলের নিয়ন্ত্রক সংস্থা।
তাই পাঁচ দলের পরিবর্তে এখন স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপকে নিয়ে ১৮ থেকে ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামানুসারে আইএইচএফ ট্রফির সিনিয়র এই প্রতিযোগিতা। আফগানিস্তান বাদ পড়ায় এখন চার দল নিয়েই হবে টুর্নামেন্ট। স্বাগতিক বাংলাদেশের লক্ষ্য ফাইনাল।
আফগানিস্তানের প্রতিনিধিত্ব করতে হলে খেলোয়াড়দের আফগানিস্তানের পাসপোর্ট থাকতে হবে। ওই পাঁচ খেলোয়াড়ের ইরানি পাসপোর্ট থাকায় দেখা দেয় জটিলতা। এ প্রসঙ্গে হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহাম্মেদ বুধবার সংবাদমাধ্যমকে বলেন, ‘শুরুতে আফগানিস্তানের আসার কথা ছিল। ওরা ওদের দলের সঙ্গে পাঁচ ইরানি খেলোয়াড়ের নামও পাঠায়, যা নিয়মবহির্ভূত। অন অ্যারাইভাল ভিসার জন্য এক দেশের খেলোয়াড়দের মধ্যে অন্য দেশের খেলোয়াড় কীভাবে থাকে? আমরা আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনকে জানালে তারা আফগানিস্তানকে সম্পূর্ণ নিজেদের খেলোয়াড় নিয়ে আসতে বলেছিল। কিন্তু দলটি অপারগতা প্রকাশ করে। তাই আফগানিস্তানকে আমাদের পাশাপাশি আন্তর্জাতিক ফেডারেশনও অংশগ্রহণ করতে না করে দেয়।’
রাজনৈতিক টানাপোড়েন কিংবা ব্যস্ততা যে কারণেই হোক, নির্ধারিত সফরে বাংলাদেশে আসেনি ভারতের ক্রিকেট দল। তবে বিরাট কোহলিরা না এলেও আইএইচএফ ট্রফি খেলতে বাংলাদেশে আসছে ভারতের নারী হ্যান্ডবল দল। ভারতের সিনিয়র নারী হ্যান্ডবল দলের ১৭ অক্টোবর বিকেলে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
- বিষয় :
- আফগানিস্তান
- হ্যান্ডবল