ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ট্র্যাক নেই, সাইক্লিস্টরা যেন যাযাবর!

ট্র্যাক নেই, সাইক্লিস্টরা যেন যাযাবর!
×
×

সাখাওয়াত হোসেন জয়

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ১১:১০

স্বাধীনতার পর থেকে একটি নির্দিষ্ট ভেন্যুর দাবি করে আসছেন বাংলাদেশর সাইক্লিস্টরা। কিন্তু এখনো তা আলোর মুখ দেখেনি। যে কারণে রাস্তা, হাইওয়ে কিংবা অন্য কোনো স্টেডিয়ামের ট্র্যাকে অনুশীলন করতে হয় তাদের। যে কোনো টুর্নামেন্টে কিংবা প্রতিযোগিতায় যাযাবরের মতো অন্য কোনো ভেন্যুতে অংশ নেন তারা। এরই ধারাবাহিকতায় প্রথম আন্তঃসার্ভিসেস সাইক্লিং প্রতিযোগিতা হতে যাচ্ছে ঢাকার আর্মি স্টেডিয়ামের ট্র্যাকে। 

দুদিনব্যাপী এই প্রতিযোগিতায় ১৪টি ইভেন্টে একশ জনের মতো খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নেবেন বলে গতকাল সংবাদ সম্মেলনে জানান বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক পারভেজ হাসান, ‘এখানে শুধু ট্র্যাক ইভেন্টগুলো হচ্ছে, রোড ইভেন্টগুলো হবে না। আমাদের যেমন ন্যাশনালে একটি রোড ইভেন্ট ও একটি ট্র্যাক ইভেন্ট থাকে, এখানে শুধু ট্র্যাকটিই হবে। এই ট্র্যাকে আমাদের প্রায় ১০০ জনের মতো খেলোয়াড় রয়েছে। এর মধ্যে ২৯ জন মেয়ে আর বাকিরা পুরুষ।’ 

বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, আনসার ভিডিপি এবং বাংলাদেশ জেলকে নিয়ে এই প্রতিযোগিতায় শুরু হবে আজ থেকে। সার্ভিসেস সাইক্লিং চ্যাম্পিয়নশিপের পৃষ্ঠপোষকতা করছে ফিওনা লাক্সারি রিসোর্ট।

সাধারণ সম্পাদক পারভেজ হাসান, যুগ্ম সম্পাদক আলমগীর আলম, ফেডারেশনের সহসভাপতি ফয়সাল হোসেন, চ্যাম্পিয়নশিপের আহ্বায়ক নূরুল হোসেন– তারা সবাই একসময় সাইক্লিং খেলেছিলেন। ১৯৯২ সালের পর থেকে সাইক্লিংয়ের জন্য একটা নির্দিষ্ট ভেন্যু সরকারের কাছে চেয়ে আসছিলেন তারা। কিন্তু কোনো কমিটিই পারেনি সরকার থেকে ভেন্যু আদায় করতে। এর জন্য কমর্কতাদের উদাসীনতার বিষয়টিও সামনে চলে এসেছে। ভেন্যু সংকটের কারণে এবার যেমন রাস্তা বা হাইওয়েতে হচ্ছে না সাইক্লিং, তেমনি কাছে থাকা জাতীয় স্টেডিয়ামের টার্ফও ব্যবহারের অনুমতি মেলেনি তাদের। 

কেন জাতীয় ক্রীড়া পরিষদ অনুমতি দেয়নি, সেই প্রসঙ্গে সাধারণ সম্পাদকের ব্যাখ্যা ছিল এমন, ‘ব্যাপারটা হচ্ছে কি, গতবার এখানে (জাতীয় স্টেডিয়াম) ন্যাশনাল হয়েছিল। ওই সময় ট্র্যাকে ছোট একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং ট্র্যাকের কিছু অংশ নষ্ট হয়েছিল। তারপর থেকে তারা ভয় পান আরও যদি অ্যাক্সিডেন্ট হয় বা নষ্ট হয়। যার কারণে আমরা কিন্তু ন্যাশনাল স্টেডিয়ামের ভেন্যুর জন্য এনএসসিতে দরখাস্ত করেছিলাম, কিন্তু পাইনি। আর আপনারা জানেন যে এটি অনেক ব্যয়বহুল ট্র্যাক, তাই তারাও চান এটি ভালো থাকুক।’

সম্প্রতি চট্টগ্রামে বাংলাদেশের প্রথম সাইক্লিং ট্র্যাক উদ্বোধন হয়েছে। তাতে করে সরকারের কাছে নতুন করে সাইক্লিংয়ের জন্য কোনো ভেন্যু চেয়েছেন কিনা? এমন প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদক পারভেজ বলেন,  ‘স্পেসিফিক ভেন্যু তো আমি দিতে পারি না। তবে ভেন্যু সম্বন্ধে আগেও জানিয়েছি, বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রীকেও জানিয়েছি যে আমাদের যদি একটি ভেন্যু করে দেওয়া যায়, তবে স্পোর্টস ডেভেলপ করা সম্ভব হয়। যেহেতু আমার কোনো ভেন্যু নেই, আমাকে আর্মি স্টেডিয়ামে যেতে হয়েছে। যদি আজ আমার নিজের একটি মাঠ থাকত, অ্যাটলিস্ট আমি আমার মাঠে খেলতাম। খেলোয়াড়রাও জানত কোথায় প্র্যাকটিস করতে হয়। যেহেতু ভেন্যু নেই, সেহেতু আমাদের এভাবেই আপাতত চালিয়ে যেতে হচ্ছে। আপনাদের সহযোগিতায় আপনারা বিষয়টি তুলে ধরে আমাদের একটি মাঠের ব্যবস্থার জন্য সাহায্য করবেন। আমরা মন্ত্রী  ডিরেক্টর স্পোর্টস ও ডিরেক্টর ইডি সবাইকেই আমাদের মাঠের প্রয়োজনের কথা জানিয়েছি। ইনশাআল্লাহ আমরা আমাদের নিজেদের মাঠে খেলা আয়োজন করতে চাই, কারণ সঠিক জায়গা না থাকলে খেলার উন্নয়ন খুব কষ্টসাধ্য হয়।’

আরও পড়ুন

×