নিরাপত্তা নয়, সিরিজে চোখ মাহমুদুল্লাহর
ছবি: বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০ | ০৫:৩০
বাংলাদেশের পাকিস্তান সফরের প্রথমদিনের অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তার আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান সফরের বিভিন্ন দিক নিয়ে আলাপ করেন। দ্বিতীয় দিন নাজমুল হোসাইন শান্ত সংবাদ মাধ্যমের কাছে আশার বেলুন ফুলিয়ে যান। অনুশীলনের তৃতীয় দিনে এসে দেখা মিলল টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহর।
পাকিস্তান সফরের নিরাপত্তা, দল কেমন হলো, পরিকল্পনা কী এসব নিয়ে তার মতামত জানা ছিল গুরুত্বপূর্ণ। মঙ্গলবার তাই দেখা দিলেন দলীয় অধিনায়ক। যাকে কোচ রাসেল ডমিঙ্গো এরই মধ্যে টি-২০ বিশ্বকাপের নেতা হিসেবে দেখছেন। মাহমুদুল্লাহ জানালেন, দল নিয়ে তিনি খুশি। দলে সবাই ফর্মে আছেন। পাকিস্তানে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া তার জন্যও কঠিন ছিল। কিন্তু এখন পাকিস্তানের নিরাপত্তা নয় বরং সিরিজ নিয়ে ভাবছেন তিনি।
পাকিস্তান সফরে দলীয় অধিনায়ক মাহমুদুল্লাহ বলেন, 'দল নিয়ে আমি খুশি। যারা বিপিএলে ব্যাটিংয়ে ভালো করেছেন। বোলিংয়ে উইকেট নিয়েছেন। তারাই টি-২০ দলে জায়গা পেয়েছেন। তামিম ভালো রান পেয়েছেন। টপ অর্ডারের অন্যরা রান করেছেন। সব মিলিয়ে আমাদের দলটার ভালো ফর্ম আছে।'
ঘরের মাঠে নিয়মিত সিরিজ খেলে না পাকিস্তান। সর্বশেষ শ্রীলংকার বিপক্ষে সিরিজে খেলেছে তারা। নিজেদের প্রমাণের চেষ্টা থাকবে তাদের। এছাড়া টি-২০ ক্রিকেটে পাকিস্তান ধরাবাহিকভাবে ভালো খেলে। ঘরের মাঠে তাই এগিয়ে থাকবে পাকিস্তানই। তবে সিরিজ জেতার ব্যাপারে আশাবাদী মাহমুদুল্লাহ।
তিনি বলেন, 'ওরা টি-২০ ক্রিকেট ধারাবাহিক। তবে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো। সিরিজ জয়ের চেষ্টা থাকবে আমাদের। র্যাংকিংয়ে আমরা কোথায় আছি এগুলো ভাবার কিছু নেই। আমাদের সেরাটা দিয়ে খেলতে পারলে সিরিজ জিতবো আমরা।' তরুণ এবং অভিজ্ঞ মিলিয়ে প্রতিযোগিতাপূর্ণ দল হয়েছে বলেও উল্লেখ করেন মাহমুদুল্লাহ। মাঠে তাই যেই খেলুক সর্বোচ্চটা দিয়ে খেলার আহ্বান করেন মাহমুদুল্লাহ।
