ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মেহেদি
ছবি: পিসিবি টুইটার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০ | ০২:৩৮ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ | ০২:৫৫
প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে মাহমুদুল্লাহরা। লাহোরে তাই দ্বিতীয় ম্যাচে হারলেই সিরিজ হাতছাড়া হবে বাংলাদেশের। পাকিস্তানের চেয়ে চাপটা তামিম-মাহমুদুল্লাহদের ওপরই তাই বেশি। গাদ্দাফি স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচেও টস জিতে ব্যাট নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ প্রথম ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছে। মোহাম্মদ মিঠুনের জায়গায় দলে ফেরানো হয়েছে অফ স্পিন অলরাউন্ডার মেহেদি হাসানকে। তবে ব্যাটিং অর্ডারে খুব বেশি পরিবর্তন আনেনি টিম ম্যানেজমেন্ট। ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গে মোহাম্মদ নাঈমেই আস্থা রাখা হয়েছে। টপ অর্ডারে রাখা হয়েছে লিটন দাসকে। তবে ব্যাটিং অর্ডারে মাহমুদুল্লাহ নামবেন আফিফের আগে।
মেহেদি দলে আসায় নিয়মিত তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে খেলবে বাংলাদেশ। বোলিংয়ে তাই সৌম্য-আফিফদের ওপর ভরসা করতে হবে না। মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচে খরুচে বোলিং করলেও তার ওপর আস্থা রেখেছে দল।
পাকিস্তান অবশ্য তাদের দলে কোন পরিবর্তন আনেনি। প্রথম ম্যাচের জয়ী দলের ওপরই ভরসা রেখেছে তারা। তিন পেসারের সঙ্গে দুই নিয়মিত স্পিনার নিয়েই দল সাজিয়েছে স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদি হাসান, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।
পাকিস্তান একাদশ: আহসান আলী, বাবর আযম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিফার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, হ্যারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- বাংলাদেশ
- পাকিস্তান সফর-২০২০
