‘বার্সা মানহীন ভাঁড়ের দল’
ছবি: মার্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ০১:৩০
বার্সেলোনা কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে। অনেকে মনে করছেন, দলের কোন্দলের কারণে ম্যাচটা হেরেছে তারা। তবে ফুটবলারদের অনেকে সেটা মানতে নারাজ। সাবেক বার্সেলোনা ফুটবলার ক্রিস্টফি ডুগারিও মনে করেন শুধু মেসি-আবিদাল দ্বন্দের কারণে ম্যাচ হারেনি বার্সা। বরং বার্সা বেশ আগে থেকেই তার মান হারিয়েছে। এখনকার দলটা ভাঁড়ে ভরে গেছে।
ইতালির ক্লাব এসি মিলানের পরে এবং ফ্রান্স ক্লাব মার্সেইয়ে যাওয়ার আগে বার্সেলোনার হয়ে সাত ম্যাচ খেলার সুযোগ হয়েছে ডুগারির। ফ্রান্সের সাবেক এই তারকা বলেন, ‘বার্সা এখন ভাঁড়ের দল। সবাই দলটাকে পিছনে টানছে। তারা ফিলিপে কুতিনহোকে দলে টানলো। আবার তাকে ছেড়েও দিল। তারা ডেম্বেলে কিনেছে। এখন তাকে ছেড়ে দেওয়ার পায়তারা করছে। বার্সায় আসলে কোন পরিকল্পনার ছাপ নেই। কোন প্রজেক্ট নেই।’
দলবদলের বাজার আসলেই বার্সেলোনা নানান ঝামেলায় জড়ায় বলে মন্তব্য করেন ক্লাব ক্যারিয়ারে তিনশ’র ওপরে ম্যাচ খেলা ডুগারি। বার্সা এই সময়ে ম্যালকমের মতো তরুণ প্রতিভা দলে এনে আবার ছেড়ে দিয়েছে। প্রিন্স বুয়াটেং, পাউলিনহোদের অন্য ক্লাব ফেরত দিয়েছে। নেইমারকে আনতে না পেরে অ্যান্তোনিও গ্রিজম্যানকে দলে টেনেছে। ডুগারির মতে, তারা প্রতি মৌসুমেই দলবদলের বাজারে খারাপ পারফরম্যান্স করেছে। জাভি হার্নান্দেজ এবং আন্দ্রেস ইনিয়েস্তা চলে যাওয়ার পরে বার্সা অনেক অর্থ খরচা করেছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি।
ক্লাব ফুটবলের বাজারে বার্সার খ্যাতি নষ্ট হচ্ছে বলেও উল্লেখ করেন কাতারে গিয়ে ২০০৫ সালে ক্যারিয়ার শেষ করা ডুগারি, ‘মোট কথা এখন তাদের ইমেজ খুবই খারাপ। এখন অনেক মানুষই বলবে যে, বার্সার যে মান ছিল এখন তাদের সেটা আর নেই। বার্সা এখন মানহীন এক দল।’
বার্সা তাদের কোচ এরনেস্তো ভালভার্দেকেও হুট করে ছাঁটাই করেছে। তার জায়গায় দলের দায়িত্ব নিয়েছেন কিকে সেতিয়েন। তার ওপরও অনেকে খুশি নন। বিশেষত রোনাল্ড কোম্যান-জাভিদের যখন বার্সার কোচ হওয়ার গুঞ্জন ওঠে। সেতিয়েনের নাম তখন বার্সা ভক্তদের খুব একটা খুশি করতে পারে না। নতুন এই কোচ অভিজ্ঞ হলেও এখনও বার্সাকে ছন্দে ফেরাতে পারেননি। লিগে তারা ম্যাচ হেরে নেমে গেছে দুইয়ে। বিদায় নিয়েছে কোপা দেল রে থেকেও।
- বিষয় :
- খেলা
- ফুটবল
- বার্সেলোনা
- ভাঁড় দল
- মেসি-আবিদাল
