‘বুড়ো’ রোনালদোকে কিনবে না বায়ার্ন
ছবি: গোল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ০২:২৫
পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদো ক’দিন আগে তার ৩৫তম জন্মদিন উদযাপন করেছেন। কিন্তু এখনও তার যে ফর্ম, যেভাবে গোল করছেন এবং পরিশ্রম করে চলেছেন তাতে রোনালদোরও আরও ক‘বছর সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলা নিয়ে খুব একটা প্রশ্ন নেই। এখনও তিনি আধুনিক সময়ের অন্যতম সেরা ফুটবলার। পাঁচটি ব্যালন ডি’অর জিতেছেন। সর্বশেষ মৌসুমেও সেরা ফুটবলার হওয়ার দৌঁড়ে ছিলেন। তারপরও রোনালদোকে ‘বুড়ো’ বললো জার্মান লিগ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।
সেজন্য তারা রোনালদোকে ইতালির রাজধানী তুরিন থেকে বায়ার্নে আনার কোন চেষ্টাই করবে না বলে জানিয়েছে। বাজারে অবশ্য এ নিয়ে গুঞ্জন ছিল। ইউরোপের সেরা পাঁচ ক্লাবের তিনটিতে খেলা রোনালদো এবার জার্মান লিগের স্বাদ নেবেন। যাবেন বায়ার্ন মিউনিখে। জার্মান বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা তার দিকে নজর রাখছে। কিন্তু বায়ার্ন তাদের মনোভাব পরিষ্কার করে দিয়েছে সিআরসেভেনকে ‘বুড়ো’ আখ্যা দিয়ে।
বায়ার্ন প্রেসিডেন্ট হাভার্ট হেইনার বলেন, ‘খবরের পাতায় ক্লাবের সঙ্গে অনেক ফুটবলারেরই নাম জুড়ে দেওয়া হয়। আমরাও অনেকের কথা শুনছি। কিন্তু রোনালদো আমাদের চাহিদার তুলনায় একটু বেশিই বয়স্ক।’রোনালদো চলতি মৌসুমে জুভেন্টাসের হয়ে ১৯ ম্যাচে ১৯ গোল করেছেন। এর মধ্যে শেষ ৯ ম্যাচেই গোল করেছেন তিনি। তার জাদুতে জুভেন্টাস লিগে খারাপ অবস্থানে নেই। তবে রিয়াল মাদ্রিদ দুর্দান্ত ফর্মে থাকা রোনালদোকে তার বয়স হয়েছে বলেই ছেড়ে দিয়েছে। বায়ার্ন তাই ‘বুড়ো’ রোনালদোয় বাজি ধরতে চায় না।
রোনালদো ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে ইংলিশ লিগ, লা লিগা এবং সিরি আ’তে খেলার অভিজ্ঞতা নিয়েছেন। তিন লিগেই শিরোপা জিতেছেন। জার্মান বুন্দেসলিগা এবং ফ্রান্সের লিগ ওয়ানে খেলার অভিজ্ঞতা নেই তার। বায়ার্ন না চাইলে অবশ্য রোনালদোর জার্মান লিগে খেলার ইচ্ছা থাকলেও তা পূরণ হওয়া কঠিন। এখন পর্যন্ত তার ফ্রান্স লিগে খেলার গুঞ্জনও বের হয়নি। তবে ভবিষ্যতের কথা বলা যায় না। পিএসজি ছেড়ে নেইমার-এমবাপ্পে এমনকি কাভানি আগামী মৌসুমের শুরুতে ক্লাব ছাড়লে। সেখানে রোনালদো অধ্যায় শুরু হয়ে যেতেও পারে। যদিও জুভরা তাকে ছেড়ে দেবে এমন জোর গুঞ্জনও নেই।
