ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

গোল পাচ্ছেন বিদেশিরাই

গোল পাচ্ছেন বিদেশিরাই
×

বিপিএলে মাঠের এমন লড়াই শেষে জয়ের হাসি ফুটেছে জামালদের মুখেই। গতকাল ময়মনসিংহে - বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০ | ২৩:১৪ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ | ২৩:১৬

গত মৌসুমে হয়েছিল চতুর্থ। জাতীয় দলের বেশ কয়েকজন তারকাকে নিয়ে দল গঠন করা সাইফ স্পোর্টিং ক্লাবের আশা এবার সেরা তিনে থাকে। আপাতত সেই লক্ষ্যে শুভসূচনা করেছে জামাল ভূঁইয়ার দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে গতকাল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ০-১ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। জয়ে শুরু করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবও। আরামবাগ ক্রীড়া সংঘকে ০-১ গোলে হারিয়েছে মতিঝিলপাড়ার ক্লাবটি।

প্রিমিয়ার লিগের দুই রাউন্ড শেষ হয়েছে। দু'দিনে গোল হয়েছে ৭টি। সব গোলই এসেছে বিদেশিদের পা থেকে। প্রথম দিনে জোড়া গোল করেন চট্টগ্রাম আবাহনীর ম্যাথিও চিনেদু। এক গোল করে করেন বসুন্ধরা কিংসের ড্যানিয়েল কলিনড্রেস, শেখ রাসেল ক্রীড়া চক্রের রাফায়েল এবং ব্রাদার্স ইউনিয়নের অ্যাতাবেক। শুক্রবার দুই ম্যাচেও গোল করেছেন বিদেশিরা। অর্থাৎ অতীতের মতো এবারও পেশাদার লিগে বিদেশিদের দাপটের ইঙ্গিত।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে সাইফের বিপক্ষে রক্ষণাত্মক কৌশল বেছে নেয় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। ফেডারেশন কাপে ফাইনালে উঠে চমক দেখানো পুরান ঢাকার ক্লাবটির টার্গেটই ছিল এক পয়েন্ট। সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল তারা। সবসময় ৪-৫ ফুটবলারকে রক্ষণভাগে দাঁড় করিয়ে রাখেন কোচ গোলাম জিলানী। তাতেও শেষ রক্ষা হয়নি। ৬২ মিনিট পর্যন্ত জাল অক্ষত রেখেছিল রহমতগঞ্জ। এক মিনিট পর রুয়ান্ডার ডিফেন্ডার এমেরি বাইসেংয়ের বুলেট গতির ফ্রি কিকে ভাঙে রহমতগঞ্জের প্রতিরোধ। বক্সের বাইরে থেকে এমেরির নেওয়া ফ্রি কিক থামানোর চেষ্টা করেও পারেননি রহমতগঞ্জ গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন। গোল হজমের পর খোলস ছেড়ে বেরিয়ে আসে তারা। কিন্তু এবার আর কাঁপাতে পারেনি সাইফের জাল। বাকি সময়ে নিজেদের জাল অক্ষত রেখেই প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছে জামাল ভূঁইয়ার দল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডান ও আরামবাগের লড়াইটি হয়েছিল সমানে সমানে। পার্থক্য গড়ে দিয়েছেন নাইজেরিয়ার ওবি মোনেকে। তার গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে সাদা-কালো জার্সিধারীরা। ক্যাসিনোকাে এলোমেলো হয়ে যায় মোহামেডান ও আরামবাগ। প্রিমিয়ার লিগের দল গঠন করতেই হিমশিম খেতে হয়েছিল দু'দলকে। কোনোমতে দল গঠন করে তারা। দু'দলেই তারকা নেই। মাঝারি মানের দল নিয়ে খেলা মোহামেডান-আরামবাগের মাঠের পারফরম্যান্সও ছিল সাদামাটা। আক্রমণগুলোও আহামরি ছিল না। তবে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল মোহামেডানই। তারই ধারাবাহিকতায় ম্যাচের ৩০ মিনিটে লিড নেয় তারা। নিজেদের অ্যাওয়ে ম্যাচে গোলটি করেন মোনেকে। আর হোমগ্রাউন্ডে হারল আরামবাগ ক্রীড়া সংঘ।

প্রিমিয়ার লিগ ফুটবলে আজ বিরতি। এএফসি কাপ থেকে বিদায় নেওয়া ঢাকা আবাহনী লিমিটেড নামছে আগামীকাল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় নবাগত বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের মুখোমুখি হবে আকাশি-নীল জার্সিধারীরা।

আরও পড়ুন

×