ফর্টিস এফসির ম্যানেজার হলেন ফুটবলার রাশেদুল
ফোর্টিস এফসির সঙ্গে যুক্ত হলেন সাবেক ফুটবলার রাশেদুল।
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২ | ০৭:৩০ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২ | ০৭:৩০
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ফর্টিস এফসি লিমিটেড। দেশের সর্বোচ্চ পর্যায়ের লিগে নামার আগে দল সাজিয়ে নিচ্ছে তারা। এরই মধ্যে ক্লাবটি সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মিসর জাতীয় দলের সহকারী কোচ ফ্রান্সেসকো জোস ব্রুতো দা কস্তাকে।
ফর্টিস গ্রুপ তাদের ক্লাবকে পেশাদারিত্বের সঙ্গে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে জাতীয় দলের সাবেক ফুটবলার রাশেদুল ইসলামকে। জাতীয় দল ছাড়াও বিভিন্ন বয়স ভিত্তিক পর্যায়ে খেলেছেন তিনি। অবসরের পর সাত বছর ক্রীড়া সাংবাদিকতার সঙ্গে যুক্ত তিনি।
ফর্টিস এফসির দায়িত্ব নিয়ে ফুটবলার রাশেদুল বলেছেন, আবার মাঠে ফিরতে পেরে ভালো লাগছে। ফর্টিস এফসি যুব দল গঠন করে খেলোয়াড় তৈরি করতে চায়। সেজন্য এই ক্লাবের প্রতি আগ্রহ তৈরি হয়। আমরা মনে করি, শিক্ষিত ফুটবলার তৈরি না হলে দেশের ফুটবলের চেহারা বদলাবে না। ওই কাজটিই হাতে নিয়েছি আমরা। বাফুফেসহ অন্যান্য প্রতিষ্ঠানের উচিত ক্লাবটির পাশে থাকা।
তিনি জানান, ফর্টিস গ্রুপ স্বনামধন্য একটি করপোরেট প্রতিষ্ঠান। ফুটবল উপযোগী এমন পরিবেশ খুব কম ক্লাবে আছে। ক্লাবটির নিজস্ব মাঠ, আবাসন ব্যবস্থা, সুইমিংপুল, জিমনেশিয়াম আছে। প্রতিষ্ঠানটি করোনার সময়েও কর্মীদের শতভাগ বেতন দিয়েছে। যা তাকে ক্লাবটির সঙ্গে যুক্ত হতে আগ্রহী করেছে।
