এবার কোয়ারেন্টাইনে শিখর ধাওয়ান
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ০৬:৩৪ | আপডেট: ১৮ মার্চ ২০২০ | ০৬:৩৬
জার্মানি থেকে দেশে ফিরেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে।
জিনিউজের প্রতিবেদন বলছে করোনাভাইরাসের আতঙ্কে এরই মাঝে যে বা যারা বিদেশ থেকে ভারতে আসছেন সরকার পক্ষ থেকে তাদের আপাতত কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হচ্ছে।তার পর বিদেশ থেকে আসা মানুষদের শারীরিক অবস্থার পরীক্ষা করা হচ্ছে। শরীরে করোনাভাইরাসের জীবাণু রয়েছে কি না তা খতিয়ে দেখতে দিন-রাত একাকার করছেন চিকিৎসক থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তারা।
পাশাপাশি শিখর ধাওয়ান এদিন করোনা রোধে কেন্দ্রীয় সরকারের প্রতিটি পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন।
জার্মানি থেকে ফেরার পর শিখরকে দিল্লি থেকে ৭০ কিমি দূরে একটি ঘরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বুধবার সকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন ধাওয়ান।
সেখান থেকেই ফেসবুক লাইভে শিখর জানান, সরকারি কর্মীরা কীভাবে করোনা রোধে তৎপর হয়ে উঠেছেন! তাকে যে ঘরে রাখা হয়েছেন সেখান থেকে ভেতর ও বাইরের এলাকাও ভিডিওর মাধ্যমে দেখিয়েছেন শিখর।
তিনি আরও বলেন, 'সরকার ২৪ ঘণ্টা আমাদের তদারকি করছে। সবাইকে আলাদা রুম দেওয়া হয়েছে। প্রতিটি ঘরে পানি, টাওয়েল, পানি গরম করার পাত্র, নতুন স্যান্ডেল, মশা তাড়ানোর ওষুধ দেওয়ার পাশাপাশি সুস্বাদু খাবার দেওয়া হয়েছে আমাদের। প্রয়োজনীয় সব কিছুই রয়েছে প্রতিটি ঘরে। পুরো বিল্ডিং স্যানিটাইজার স্প্রে দিয়ে জীবাণুমুক্ত করা হচ্ছে। মোদিজি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ।'
এছাড়া তিনি সংশ্লিষ্ট চিকিৎসক থেকে শুরু করে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, 'এখানে আসার আগে আমি সত্যি ভয় পাচ্ছিলাম। তবে কেন্দ্রীয় সরকারের করোনা রোধের ব্যবস্থা দেখে আমি সন্তুষ্ট। এত সুন্দর ব্যবস্থা আমি জার্মানিতেও দেখিনি।'
- বিষয় :
- শিখর ধাওয়ান
- খেলা
- ক্রিকেট
- করোনাভাইরাস
