মেয়েরাও পাচ্ছেন বিসিবির অর্থ সহায়তা
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২০ | ০৪:১২
করোনাভাইরাসের প্রভাবে বিশ্ব থমকে গেছে। ক্রীড়াঙ্গনেও পড়েছে তার প্রভাব। ফুটবল ক্লাবগুলো আর্থিক ক্ষতির চিন্তায় আছে। তারা খরচ সামলে উঠতে ফুটবলারদের বেতন কাটার পরিকল্পনা করছে। জুভেন্টাস ফুটবলারদের ৯০ ভাগ বেতন কাটছে। বার্সেলোনা-রিয়াল মদ্রিদও ফুটবলারদের বেতন কাটবে।
এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়েছে এক ভিন্ন উদ্যোগ। খেলা না থাকায় ক্রিকেটাররা আর্থিক সংকটে থাকতে পারেন। তাদের তাই অর্থ সহায়তা দিচ্ছে বিসিবি। ২০১৮–১৯ মৌসুমে জাতীয় ক্রিকেট লিগ ও ২০১৯–২০ মৌসুমে বিসিবির ক্যাম্পে যাদের ডাকা হয়েছিল, ক্যাম্প না হলেও ওই নারী ক্রিকেটারদের আপাতত এককালীন ২০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।
করোনা প্রার্দুভাবে আন্তর্জাতিক পর্যায়ে তো বটেই স্থানীয় পর্যায়েও সব ধরনের ক্রিকেট ও লিগ বন্ধ আছে। ক্রিকেটারদের আয়ের উৎসও তাই হুট করে বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় নারী ক্রিকেটারদের সংকট থেকে বাঁচাতে তাদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একে বিবৃতিতে জানানো হয়েছে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, ‘পুরুষ ক্রিকেটারদের মতো নারী দলেরও অধিকাংশ ক্রিকেটারের আয়ের উৎস ঘরোয়া ক্রিকেট। এছাড়া আমাদের একটি ক্যাম্প করার কথা ছিল, যা কোভিড-১৯ এর প্রভাবে স্থগিত করে দেওয়া হয়েছে। ক্রিকেটাররা এ সময় অলস এক সময় কাটাচ্ছেন। এ অবস্থায় আমাদের সাহায্য তাদের দরকার।’
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে খেলা যেসব ক্রিকেটার বিসিবির কেন্দ্রিয় চুক্তি ও বিসিবির প্রথম শ্রেণির চুক্তির বাইরে আছেন তাদের খরচের জন্য এককালীন ৩০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেয়। ওই সমস্ত ক্রিকেটার খেলা না থাকায় আর্থিক সংকটে থাকতে পারেন উল্লেখ করে তাদের সহায়তা দেওয়ার কথা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- নারী ক্রিকেট
- বিসিবি
- অর্থ সহায়তা
- বাংলাদেশ
