ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিশ্ব আরচারিতে নেই রোমান সানা

বিশ্ব আরচারিতে নেই রোমান সানা
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩ | ১৮:০০

শর্তসাপেক্ষে বাংলাদেশ আরচারি ফেডারেশন তাঁকে খেলার অনুমতি দেয়। তারই ধারাবাহিকতায় জাতীয় আরচারিতে তীর-ধনুক হাতে স্বর্ণও জিতেছিলেন রোমান সানা। কিন্তু ক্যাম্পে সতীর্থ এক নারী আরচারের সঙ্গে অখেলোয়াড়সুলভ আচরণ করায় আন্তর্জাতিক আরচারি ফেডারেশন তাঁকে নিষিদ্ধ করে। দেশসেরা আরচারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য বিশ্ব আরচারির নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে অনেক দিন ধরেই যোগাযোগ করে আসছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল।

দেশের আরচারি নিয়ন্ত্রক সংস্থার কর্তাদের বিশ্বাস ছিল, ৩১ জুলাই থেকে ৬ আগস্ট বার্লিনে অনুষ্ঠেয় বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে খেলতে পারবেন রোমান। সে জন্য বাংলাদেশ আরচারি দলে রাখা হয় তাঁকে। কিন্তু ওয়ার্ল্ড আরচারি ফেডারেশন থেকে কোনো ইতিবাচক জবাব পায়নি বাংলাদেশ আরচারি ফেডারেশন। গতকাল পর্যন্ত অপেক্ষা করে ফেডারেশন; কিন্তু মঙ্গলবারও কোনো সাড়া মেলেনি। তাই জার্মানির বার্লিনে অনুষ্ঠেয় বিশ্ব আরচারিতে খেলা হচ্ছে না রোমান সানার।

চলতি মাসেই সেই নারী আরচার দিয়া সিদ্দিকীর সঙ্গে জীবনের জুটি বাঁধেন রোমান। দু’জনেরই ইচ্ছা ছিল বিয়ের পর প্রথম হানিমুনটা জার্মানিতেই করবেন। আপাতত সেই আশা পূরণ হচ্ছে না। আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় রোমান যেতে না পারলেও রিকার্ভ বিভাগে একমাত্র নারী তীরন্দাজ হিসেবে জার্মানিতে যাচ্ছেন দিয়া সিদ্দিকী। এই ইভেন্টের পুরুষ আরচাররা হলেন–মো. হাকিম আহমেদ রুবেল, রামকৃষ্ণ সাহা ও মো. সাগর ইসলাম। আর কম্পাউন্ডে ছেলেদের বিভাগে মোহাম্মদ আশিকুজ্জামান ও নারী বিভাগে যাচ্ছেন বন্যা আক্তার। তবে বিশ্ব আরচারিতে খেলতে না পারায় রোমানের জন্য ২০২৪ প্যারিস অলিম্পিকে সরাসরি খেলাটা কঠিন হয়ে গেল। কারণ, এই প্রতিযোগিতাটি অলিম্পিকের বাছাইয়ের অংশ। এর আগে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ২০২০ সালে টোকিও অলিম্পিকে নিজ যোগ্যতায় খেলেছিলেন রোমান।

আরও পড়ুন

×