বাতিলের পথে টাইগারদের আরও দুই সিরিজ
ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০১:৫২ | আপডেট: ১১ এপ্রিল ২০২০ | ০১:৫৬
আন্তর্জাতিক ক্রিকেটে ভালোই প্রভাব ফেলেছে করোনাভাইরাস। একে একে বাতিল হচ্ছে দ্বিপক্ষীয় সিরিজ। বিশ্বের অন্য দেশগুলোর মতো বাংলাদেশের ক্রিকেটেও তার ছোঁয়া লেগেছে। বাতিল করা হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের দুই টেস্টের হোম সিরিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জুনের সিরিজটি করোনাভাইরাস-উত্তর সময়ে নতুন সূচি করা হবে। বিসিবির এক কর্মকর্তা জানান, জুন-জুলাইয়ে থাকা বাকি সিরিজগুলোও বাতিল হবে।
২০২০ সালে বাংলাদেশ দল বেশি খেলবে বিদেশে। টি২০ বিশ্বকাপের আগে দুটি মাত্র হোম সিরিজ খেলার কথা মুমিনুল হকদের। ১১ থেকে ২৩ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুটি টেস্ট ম্যাচ হওয়ার কথা ছিল। নিউজিল্যান্ড ক্রিকেট দলের ঢাকা সফর আগস্টে। তারাও দুই টেস্টের সিরিজ খেলবে। যদিও কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন এই সফর নিয়ে গত মাসেই শঙ্কা প্রকাশ করেছেন।
জুলাই মাসে তিন টেস্টে সিরিজ খেলতে শ্রীলংকা যাওয়ার কথা মুমিনুলদের। বর্তমান প্রেক্ষাপটে ওই সিরিজটিও বাতিল হওয়ার পথে। এরই মধ্যে লংকান ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী। এ ছাড়াও আগস্ট-সেপ্টেম্বরের টি২০ এশিয়া কাপ বাতিল হতে পারে। ঝুলে যেতে পারে টি২০ বিশ্বকাপও।
করোনাভাইরাস মহামারি বিশ্বের অর্থনীতিকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। উৎপাদনহীন এমন কঠিন সময় আগে দেখা যায়নি। এতে করে যেটা হবে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব হ্রাস পেলে ঘরোয়া খেলা দিয়ে মাঠে ফিরবে ক্রিকেট। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আন্তর্জাতিক সিরিজগুলো পুনর্বিন্যাস করতে হবে। বলার অপেক্ষা রাখে না, সহসাই সিরিজ পুনর্বিন্যাস হওয়ার নয়। কারণ কভিড-১৯ মহামারি থামার কোনো লক্ষণই নেই। বরং দিন দিন সেটা বিশ্বব্যাপী বিস্তার লাভ করছে।
এই অনিশ্চিত গন্তব্যের বিষয়টি মাথায় রেখেই ক্রিকেট অস্ট্রেলিয়ার ডাকে সাড়া দিয়ে জুনের সিরিজ স্থগিত করেছে বিসিবি। এ ব্যাপারে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, 'বুঝতে পারছি খেলোয়াড় ও দর্শকদের জন্য বিষয়টি হতাশার। তবে কি, কভিড-১৯ ভাইরাস বিস্তারে বিশ্বের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির ভেতরে বিসিবি ও সিএ মিলে বাস্তবসম্মত একটি সিদ্ধান্ত নিয়েছে। আমরা আশাবাদী দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে এবং সুযোগ-সময় মতো সিরিজটি আয়োজন করতে পারব।'
