ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

`মেসি-ম্যারাডোনার পার্থক্যটা আচরণে`

`মেসি-ম্যারাডোনার পার্থক্যটা আচরণে`
×

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ০১:৪২ | আপডেট: ১৯ এপ্রিল ২০২০ | ০১:৪৭

মেসি নাকি ম্যারাডোনা? কে সেরা- এ নিয়ে বিতর্কের শেষ নেই। হয়তো পৃথিবী যতদিন থাকবে, যতদিন ফুটবল নামক একটা খেলা থাকবে, ততদিন চলবে এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা যুক্তিতর্ক। সম্প্রতি এ নিয়ে কথা বলেছেন মেক্সিকোর সাবেক ফুটবলার হাভিয়ের আগুয়েরো। তার কাছে দু'জনই ফুটবল দক্ষতায় সেরা। হতে পারে উনিশ-বিশ। তবে আচরণের দিক থেকে বিস্তর একটা তফাৎ রয়েছে।

সম্প্রতি ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে হাভিয়ের বলেন, 'আমি ম্যারাডোনার বিপক্ষে চারবার খেলেছি। সে অসাধারণ ফুটবলার, এ নিয়ে কোনো দ্বিমত নেই। তবে ম্যারাডোনার একটা অভ্যাস আছে, সে মাঠে বেশি কথা বলে, এই ধরুন রেফারি, সতীর্থ। এখানটায় মেসি একেবারে ব্যতিক্রম। সে খুবই শান্তশিষ্ট। তাকে আপনি বল পাস দেবেন, কোনো কারণে ভুল হবে তাও কিছু বলবে না। এমনকি কোচ, রেফারি কারও সঙ্গে খুব একটা জোর গলায় কথা বলবে না। এ ছাড়া প্রতিপক্ষ দলের কেউ যদি তাকে ফাউলও করে, তবু নিশ্চুপ থাকবে। এখানে ম্যারাডোনাকে দেখা যায় না।'

২০০২ সালে মেসিকে খুব কাছ থেকে দেখেছেন হাভিয়ের। সে সময় তিনি ওসাসুনার কোচ ছিলেন। সেই সুবাদে স্পেনে ছিলেন কিছুদিন। আর ওই সময়ের একটা স্মৃতি রোমন্থন করেছেন এ মেক্সিকান, '২০০২ সালের দিকে আমরা সেভিয়ায় খেলেছিলাম। সে জন্য ম্যাচের আগে ট্রেনিংয়ে যাই। আমার ম্যানেজার আমাকে ডেকে বললেন, এদিকে এসো। পাশের একটা মাঠে তখন লম্বা চুলে ছোট্ট একটা ছেলে প্র্যাকটিস করছে।

আমাকে তিনি বললেন, দেখো, এ ছেলেটা বার্সার। ৪ ফুট ১১ ইঞ্চি হবে; কিন্তু সে খুব দুর্দান্ত খেলে। আমি হাতেনাতে প্রমাণ পেলাম। সেভিয়ার বিপক্ষে নেমে মেসি ১০ মিনিটের মধ্যে গোল করে বসে। কেউ তাকে আটকাতে পারেনি। কী চমৎকার ফুটবলশৈলী। পরের বছর ওসাসুনার সঙ্গে খেলা পড়ে বার্সার। সেখানেও আমি তার দক্ষতা দেখলাম। এক কথায় বিস্ময়কর।'

আরও পড়ুন

×