ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

চাকরি হারিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য করলেন হাফিজ

চাকরি হারিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য করলেন হাফিজ
×

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ | ২০:৪৭ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ | ২০:৫০

ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডে পরিবর্তনের হাওয়া বয়ে যায়। সেই পরিবর্তনের অংশ হিসেবে পাকিস্তান দলের ডিরেক্টরের দায়িত্ব পান মোহাম্মদ হাফিজ। একই সঙ্গে প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন। তবে খুব বেশি দিন টিকতে পারেননি। তিন মাস না পেরোতেই গতকাল ধন্যবাদ দিয়ে টিম ডিরেক্টরের পদ থেকে হাফিজকে সরিয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

চলতি মাসের প্রথম সপ্তাহে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ৩৭তম চেয়ারম্যান নির্বাচিত হন দেশটির পাঞ্জাব রাজ্যের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি। লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ডাকা সভায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তিন বছরের জন্য পিসিবি চেয়ারম্যান নির্বাচিত হন মহসিন নাকভি। 

নাকভি চেয়ারম্যান হওয়ার পর চাকরি হারানোর শঙ্কায় পড়ে যান পাকিস্তান ক্রিকেট দলের টিম ডিরেক্টর ও প্রধান কোচ মোহাম্মদ হাফিজ। দায়িত্ব গ্রহণের এক সপ্তাহ না যেতেই জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে হাফিজকে সরিয়ে দেন নাকভি। মাত্র ২ মাসেই প্রধান কোচের চাকরি হারালেন হাফিজ। 

চাকরি হারানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তা দিয়েছেন হাফিজ। সেখানে বলেছেন, তিনি দায়িত্বে থাকাকালীন যেসব কারণে দলের পারফরম্যান্স খারাপ হয়েছে, সেটাও প্রকাশ শিগগিরই প্রকাশ করবেন। এর জন্য তার এক্সে নজর রাখতেও বলেছেন হাফিজ।

গত নভেম্বর থেকে পাকিস্তান দলের পরিচালকের দায়িত্ব পেয়েছিলেন হাফিজ। তখন হাফিজকে দায়িত্ব সাময়িক সময়ের জন্য দেওয়া হয়েছে, এমন কথা শোনা গেলেও হাফিজ দাবি করেছেন, তার সঙ্গে চুক্তি হয়েছিল লম্বা সময়ের জন্যই।

এক্সে হাফিজ লিখেছেন, ‘আমি সব সময় পাকিস্তানকে সম্মান ও গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করেছি। ইতিবাচক পরিবর্তনের জন্য ক্রিকেট পরিচালকের দায়িত্ব আমি অনেক আগ্রহের সঙ্গে নিয়েছিলাম। আমাকে পিসিবি থেকে ৪ বছরের জন্য দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, নতুন নেতৃত্ব আসায় দুর্ভাগ্যজনকভাবে সেটাকে ২ মাসে নিয়ে আসা হয়। পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা।’

গত নভেম্বর থেকে দায়িত্ব পাবার পর ডিসেম্বর–জানুয়ারিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে হাফিজ কাজ করেছেন প্রধান কোচ হিসেবেও। পাকিস্তান দু'টি সিরিজেই হারে বড় ব্যবধানে। অস্ট্রেলিয়ায় তিন টেস্টের সিরিজ হারে ৩–০ ব্যবধানে, নিউজিল্যান্ডে পাঁচ টি-টোয়েন্টির সিরিজ ৪–১ ব্যবধানে।

আরও পড়ুন

×