ভিলিয়ার্সের মতো খেলতে চান আকবর
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২০ | ০৩:৫৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম তার ক্যারিয়ারের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরির ব্যাটটা নিলামে তুলেছেন। শনিবার রাতে শুরু হওয়া নিলাম মোট ছয়দিন চলবে। প্রথমদিনের নিলাম শুরুর আগে বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা এনে দেওয়া আকবর আলীর সঙ্গে লাইভে আসেন মুশফিক।
সেখানে নানান দিক নিয়ে কথা বলেন তারা। মুশফিক বলেন, তার চেয়েও বেশি প্রতিভাবান আকবর। এছাড়া ঠান্ডা মাথার ক্রিকেটার সে। অনূর্ধ্ব-১৯ দলের একটি ম্যাচ মুশফিক বল ধরে ধরে দেখেছেন বলেও জানান। সেখান থেকেই আকবরের মানসিক দৃড়তার প্রমাণ পেয়েছেন তিনি।
আলোচনার এক পর্যায়ে আকবরকে প্রশ্ন করা হয় তিনি আদর্শ মানেন কোন ক্রিকেটারকে। আকবর জানান, তার কোন আদর্শ নেই। তবে তিনি এবিডি ভিলিয়ার্সের খেলা পছন্দ করেন। তার মতো হতে চান, 'সত্যি বলতে আমার কোন আদর্শ নেই। তবে ভিলিয়ার্সের খেলা পছন্দ হয়। তার মতো খেলতে চাই, জানিনা কী হবে।'
আকবর জানান, তার মধ্যে বিশ্বাস থাকে যে, মাঠে নামলে তিনি হারবেন না। কোন খেলাতেই নয়। এছাড়া ভারতের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল নিয়ে তিনি বলেন, উইকেটে গিয়েই তিনি একটা শট খেলতে চেয়েছিলেন। যাতে ভারত ফিল্ডার ছড়িয়ে দেয়। তিনি একটা বাউন্ডারি মারার পর সেটাই করে ভারত। এরপর সিঙ্গেল বের করে ম্যাচ বের করা সহজ হয় তাদের।