চপলতো আর ডাক্তার না: রোমান
রোমান সানা-কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৪ | ১১:৩১
আরচারি জাতীয় দল থেকে অব্যাহতি চেয়ে ফেডারেশন বরাবর চিঠি দেন রোমান সানা। শুক্রবার বাংলাদেশ আরচারি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় তাঁর চিঠি গৃহীত হয়। রোমানকে যে আর দলে চান না তার একটা ইঙ্গিত দিয়ে রাখলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। রোমানকে করেছেন ব্যক্তিগত আক্রমণ। তাঁর অতীত নিয়ে মিডিয়ায় নেতিবাচক মন্তব্য করার সঙ্গে রোমানকে মানসিক রোগী হিসেবে আখ্যায়িত করেছেন চপল।
একটি ফেডারেশনের বড় পদে থাকা চপলের এমন মন্তব্যে আলোচনা-সমালোচনা হচ্ছে ক্রীড়াঙ্গনে। যাঁকে মানসিক রোগী বলেছেন, সেই রোমান সানা রীতিমতো ক্ষুব্ধ। গতকাল সমকালের কাছে নিজের কষ্টটা এভাবেই ব্যাখ্যা করেছেন তিনি, ‘আসলে তিনি তো ডাক্তারও নন, কোনো কিছুই নন। কেন যে এ কথা বলেছেন, সেটা তিনিই জানেন। আমি মনে করি, এ কথা তাঁর বলা উচিত হয়নি। তিনি অনেক জ্ঞানী একজন লোক। আমি সুস্থ সবল একজন মানুষ। কোন দিক থেকে মানসিক রোগী হলাম, সেটা আমি জানি না।’
অবসরের কারণ প্রসঙ্গে রোমান তুলে ধরেছেন ইনজুরি এবং চাপ নিয়ন্ত্রণ করতে না পারা। একই সঙ্গে ফেডারেশন থেকে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না পাওয়া। রোমানের দাবি, এসবের সমাধান না করে চপল তাঁর ব্যক্তিত্বে আঘাত করেছেন, ‘আপনাদের সঙ্গে আমি চলাফেরা করেছি, এখনও করছি, সাক্ষাৎকার নিচ্ছেন। আমার কথা বুজেশুনে কি মনে হয়– আমি একজন মানসিক রোগী? একজন মানসিক রোগী কি কখনও খেলাধুলায় থাকতে পারে? এগুলো আসলে ব্যক্তিগত আক্রমণ।’
এটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবেন কিনা? ‘স্যার আরেকটু অন্যভাবে কথাটা বলতে পারতেন। আসল পয়েন্ট রেখে তিনি অন্য পয়েন্টে চলে গেছেন। আসলে মানুষকে ব্যক্তিগতভাবে আঘাত করা ঠিক না। এটা খুবই খারাপ। আমার খুব কষ্ট লাগছে। এখন বর্তমান যেটা নিয়ে কথা হচ্ছে, আমি সেই টপিকে কথা বলব। আমি কেন অতীত নিয়ে ঘাটাঘাটি করব।’
ফেডারেশনের সাধারণ সম্পাদকের সঙ্গে নিজের কোনো দ্বন্দ্ব নেই বলে জানান রোমান। একই সঙ্গে সুযোগ-সুবিধা পেলে আবারও যোগ্যতার প্রমাণ দিয়ে আরচারি জাতীয় দলে ফিরতে চান তিনি।
- বিষয় :
- রোমান সানা
