নাইটদের বেদম প্রহারে বিব্রত পন্টিং
দিল্লির বিপক্ষে বিধ্বংসী ব্যাটিং করেছেন সুনীল নারিন। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪ | ১০:৫১ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৪ | ১২:০৯
আইপিএলের চলতি আসরের শুরুতেই হয়েছে সর্বোচ্চ রানের দুই রেকর্ড। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৭ মার্চ ২৭৭ রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। যা আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান। সপ্তাহ বাদেই ২৭২ রান তুলেছে কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে রানটি আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
বুধবারের এই ম্যাচে শুরুতে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ওই রান তোলে কেকেআর। দলটির হয়ে সুনীল নারিন ৩৯ বলে সাতটি করে চার ও ছক্কার শটে ৮৫ রান করেন। ১৮ বছরের ইমপ্যাক্ট প্লেয়ার আংকৃশ রঘুবংশি ২৭ বলে ৫৪ রান করেন। আন্দ্রে রাসেল খেলেন ১৯ বলে ৪১ রানের ইনিংস। আর রিঙ্কু সিং ৮ বলে যোগ করেন ২৬ রান।
বেধড়ক পিটুনিতে ১২.৩ ওভারেই ১৬৪ রান তুলে দ্বিতীয় উইকেট হারায় কেকেআর। ম্যাচের ওই প্রথমার্ধে ওমন পিটুনি খাওয়ায় বিব্রত ১০৬ রানে পরাজয় বরণ করা দিল্লি কোচ রিকি পন্টিং, ‘এখনই এটা হজম করে ওঠা কঠিন। ম্যাচের প্রথমার্ধ নিয়ে আমি আসলেই বিব্রত। এতো রান খাওয়া, ১৭টি ওয়াইড দেওয়া। বোলিং শেষ করতেই প্রায় দুই ঘণ্টা লেগেছে আমাদের।’
কেকেআরের পিটুনির কারণে নির্ধারিত সময়ে ইনিংস শেষ করা থেকে দুই ওভার পিছিয়ে ছিল দিল্লি। নিয়মের কারণে শেষ দুই ওভারে ৩০ গজের বাইরে তারা পাঁচজনের জায়গায় চারজন ফিল্ডার রাখতে বাধ্য হয়। পন্টিংয়ের মতে এটাও প্রভাব ফেলেছে বোলিংয়ে, ‘এই ম্যাচে অনেক কিছুই ঘটেছে, যা মেনে নেওয়া কঠিন। রাতেই আমরা টিম মিটিংয়ে এগুলো নিয়ে কথা বলবো। কারণ সমস্যাগুলো দ্রুত সমাধান করা দরকার।’
- বিষয় :
- আইপিএল-২০২৪
- সুনীল নারিন
- কেকেআর