নারিনের প্রথম সেঞ্চুরি, বড় রান কেকেআরের
সুনীল নারিনের সেঞ্চুরি উদযাপন। ছবি: আইপিএল টি-২০ ডটকম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪ | ২২:১৪
ইডেন গার্ডেনসের দর্শকরা সুনীল নারিনের ঝড় দেখেছে। টি-২০ ফরম্যাটে আগে ঝড় দেখিয়েছেন ম্পিন বোলার থেকে ওপেনার বনে যাওয়া এই ওয়েস্ট ইন্ডিয়ান। তবে সেঞ্চুরি করতে পারেননি একবারও। রাজস্থান রয়েলসের বিপক্ষে পেয়ে গেলেন কাঙ্ক্ষিত ওই সেঞ্চুরি। তার ঝড়ে ৬ উইকেট হারিয়ে ২২৩ রান তুলেছে কলকাতা নাইট রাইডার্স।
পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা রাজস্থান সপ্তম রাউন্ডের ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ওপেনার ফিল সল্টকে (১০) শুরুতে ফেরালেও ভিত্তি গড়ে দেন সুনীল নারিন ও আংক্রিশ রঘুবংশি। তারা ৮৫ রানের জুটি গড়েন। যাতে রঘুবংশির অবদান ছিল ১৮ বলে পাঁচটি চারের শটে ৩০।
বাকি গল্পটা সুনীল নারিনের। তিনি এক প্রান্তে দাঁড়িয়ে খেলেন ১০৯ রানের বিধ্বংসী ইনিংস। ১৮তম ওভারে আউট হওয়ার আগে ৫৬ বলের মুখোমুখি হন বাঁ-হাতি এই ব্যাটার। ১৩টি চারের সঙ্গে ছয়টি ছক্কার শট আসে তার ব্যাট থেকে।
তার সঙ্গে ঝড় দেখানোর চেষ্টা করে ব্যর্থ হন শ্রেয়াস আইয়ার ও আন্দ্রে রাসেল। আইয়ার ৭ বলে ১১ ও রাসেল ১০ বলে ১৩ রান করে ফিরে যান। তবে রিংকু সিং শেষটায় পুষিয়ে দেন। তিনি ৯ বলে দুই ছক্কা ও এক চারে ২০ রান যোগ করেন। রাজস্থানের হয়ে আবেশ খান ও কুলদীপ সেন দুটি করে উইকেট নেন।
- বিষয় :
- আইপিএল-২০২৪
- সুনীল নারিন
- কেকেআর