ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ক্রিকেট ফেরাতে আইসিসির নির্দেশনা পাচ্ছে বিসিবি

ক্রিকেট ফেরাতে আইসিসির নির্দেশনা পাচ্ছে বিসিবি
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২০ | ১২:০০ | আপডেট: ১৮ মে ২০২০ | ০০:৫১

বুন্দেসলিগা দিয়ে ফুটবলের লকডাউন খুলেছে দু'দিন আগে। লকডাউন খুলি খুলি করছে ক্রিকেটে। একটা প্রাথমিক দিকনির্দেশনা তৈরি করে নিজস্ব ওয়েবসাইটে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ইসিবির চেয়েও একধাপ এগিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া। ৬ জুন থেকে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে তারা। প্রস্তুতি পর্যায়ে আছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দৃষ্টি রাখছে অগ্রবর্তী এই দেশগুলোর ওপর। সিইও নিজামউদ্দিন চৌধুরী জানান, দেশে ক্রিকেট মাঠে ফেরাতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মডেল কাজে লাগাবে বিসিবি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দিকনির্দেশনা হাতে পেলেই নিজস্ব মডেল প্রস্তুত করবে টাইগার বোর্ড। আইসিসির গাইডলাইন পাওয়া যাবে আগামী সপ্তাহে।

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কায় কভিড-১৯ মহামারি বেশি প্রভাব ফেলতে পারেনি। কভিড-১৯ ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত ইংল্যান্ড। এরপরও অস্ট্রেলিয়ার পদাঙ্ক অনুসরণ করে ক্রিকেট মাঠে ফেরাতে উদ্যোগী হচ্ছে ইংল্যান্ড। নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কা দ্রুতই মাঠে ফেরার ঘোষণা দিতে পারে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশে খেলা মাঠে ফেরার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। উদ্ভূত পরিস্থিতির ওপর নজর রাখছে বিসিবি।

জুনে অফিস খোলার মধ্যদিয়ে সীমিত পরিসরে ক্রিকেটের কার্যক্রম শুরু হবে বলে জানান সিইও নিজামউদ্দিন। কভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সরকারের সিদ্ধান্ত জেনে মাঠে ক্রিকেট ফেরাতে উদ্যোগী হবে বোর্ড। সেক্ষেত্রে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের দিতে হবে স্বাস্থ্য পরীক্ষা। স্বাস্থ্যসম্মত হতে হবে মাঠের পরিবেশ। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে খোলা হবে বিসিবি কার্যালয়। মাঠের ক্রিকেট ফিরবে খেলোয়াড়দের প্রস্তুতি দিয়ে।

তিনি বলেন, 'প্রস্তুতি শুরু হলেই বোঝা যাবে খেলা শুরু করতে কত সময় লাগবে। অন্য দেশের মডেল কীভাবে কাজ করছে। আমরা সুবিধাজনক জায়গায় আছি এ জন্য যে, অন্যরা আগে শুরু করেছে।'

কিছু প্রস্তুতি বিসিবি এরই মধ্যে সেরে রেখেছে। দেশের পরিস্থিতি দেখে নেওয়া হবে পরবর্তী উদ্যোগ। সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, 'খেলোয়াড়দের প্রস্তুতি শুরুর জন্য আইসিসি একটা গাইডলাইন শুরু করেছে। পোস্ট কভিড-১৯ গাইডলাইনের প্রথম ভার্সনটা সামনের সপ্তাহে আমরা হাতে পাব। সেখানে যে নির্দেশনা থাকবে, সেটা অনুসরণ করে কিছু পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। আইসিসির মেডিকেল অ্যাডভাইজরি কমিটি গাইডলাইনটি করছে সদস্য দেশের মেডিকেল বিভাগের সঙ্গে আলোচনা করে।

এই গাইডলাইন আমাদের দেশের প্রেক্ষাপটে কতটা প্রয়োগ করা সম্ভব হবে, সেটা পরিস্থিতি বলে দেবে। একইভাবে আমাদের দেশের থেকে কিছু দেশের কভিড-১৯ পরিস্থিতি যেহেতু ভালো। তাই তারা হয়তো আমাদের আগে খেলাটা শুরু করতে পারবে। আমরা সেখান থেকে ভালো এবং সেরা জিনিসগুলো নিয়ে সুবিধাজনক সময়ে প্র্যাকটিস শুরু করতে পারব।'

আরও পড়ুন

×