জিমির বিশেষ লেখা
এবার যদি হকিটা একটু ঘুরে দাঁড়ায়
জাতীয় হকি দলের খেলোয়াড়
ছবি- সংগৃহীত
রাসেল মাহমুদ জিমি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪ | ১১:০৪
খেলাটি সরাসরি দেখতে পারিনি বলে খারাপ লাগছে। মন থেকে দলের জন্য দোয়া করেছি। বাংলাদেশ কখনও হকির বিশ্বকাপ খেলতে পারেনি। এবার সেই স্বপ্ন নিয়ে ওমান গেছে দল। এখন বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। বাংলাদেশের হকির জন্য এটা অনেক বড় অর্জন। এই অর্জন করায় পুরো দলকে অভিনন্দন জানাই। এর পরিপ্রেক্ষিতে যদি হকিটা একটু ঘুরে দাঁড়ায়। আমি কখনও বলব না, হকি খেলা খারাপ। তবে হকিকে খারাপ করার জন্য অনেক মানুষ অনেক চেষ্টা করে। সবকিছু বাদ দিয়ে সামনে তাকানোর পালা। আমি অভিনন্দন জানাই কোচকে (মওদুদুর রহমান শুভ), যাঁকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে, তিনি অসুস্থ কোচ। এখন তো দেখলাম অসুস্থ কোচের হাত ধরেই ইতিহাস গড়েছে বাংলাদেশ।
দেশের যে পরিস্থিতি, এই রকম সময়ে হকির অর্জন জাতির জন্য মঙ্গলকর। বিশেষ করে হকির জন্য। এখন হকির উন্নয়নে সরকারের সাপোর্ট লাগবে। যে দলগুলো এই টুর্নামেন্টে খেলেছিল, এখানকার ছয়টি টিমই থাকবে জুনিয়র বিশ্বকাপে। তার পর অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আর্জেন্টিনার মতো দল বিশ্বকাপে থাকবে। তাদের খেলার স্টাইল অন্যরকম। তাদের সঙ্গে অবশ্যই আমাদের ফাইট করতে হবে। সেটার জন্য আমি মনে করি, প্রস্তুতিটা সে রকম নেওয়া উচিত। এটা শুধু হকি ফেডারেশনের পক্ষে সম্ভব নয়, অবশ্যই সরকারের সহযোগিতা লাগবে। স্পন্সর লাগবে। তা না হলে আবার আমরা যেখানে ছিলাম, সেখানেই পড়ে থাকবে। বিশ্বকাপ বাছাই পর্ব খেলতেই হবে; কিন্তু পারফরম্যান্সটা ভালো থাকলে যে কোনো টিমের সঙ্গে সিরিজ খেলতে পারব, টুর্নামেন্ট খেলতে পারব।
সর্বশেষ ২০০৮ সালে জুনিয়র বিশ্বকাপে খেলার সুযোগ ছিল আমাদের। সেটা আমরা মিস করেছি। হায়দরাবাদে অনুষ্ঠিত সেই আসরে আমি ছিলাম অধিনায়ক। শেষ ম্যাচে মালয়েশিয়ার কাছে হেরে যাওয়ায় সেরা ছয়ে থাকতে পারিনি। বয়সভিত্তিক পর্যায়ে আমাদের দল অনেক ভালো। সবচেয়ে বড় কথা এই দলটা একসঙ্গে অনেক দিন ধরেই আছে। বিকেএসপিতে ট্রেনিং করেছে। যে কারণে তাদের মধ্যে বন্ডিংটা ভালো ছিল।
অনেকে বলে ছয়টা টিম যাবে, বাংলাদেশ দল কোটায় পড়ে গেছে; তা কিন্তু নয়। বিশ্বকাপে কোয়ালিফাই করার মতো খেলেছে বাংলাদেশ দল। ওমানকে হারিয়েছে; মালয়েশিয়া ও চীনের সঙ্গে জেতা ম্যাচ ড্র করেছে। তার মানে নিজেদের পারফরম্যান্সেই বিশ্বকাপে কোয়ালিফাই করেছে বাংলাদেশ দল। এই টিমকে নার্সারি করতে হবে। তা না হলে আগের মতো অবস্থায়ই চলে যাবে। আমি মনে করি, হকির পরিবর্তন আনা উচিত বা আনার সময় এখনই। কিছু মানুষ থাকবে, তারা বলবে আমার কারণে হয়েছে। কিন্তু কে কী করেছে, এগুলো না বলে কীভাবে হকিকে সামনে এগিয়ে নেওয়া যায়, সেটা করতে হবে। হকিতে পরিবর্তন আনতেই হবে।
- বিষয় :
- রাসেল মাহমুদ জিমি
- হকি
