কলম্বোয় মুমিনুলদের অনুশীলন ক্যাম্পের প্রস্তাব
ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুন ২০২০ | ১২:০০ | আপডেট: ১৯ জুন ২০২০ | ০০:২১
দেশে করোনাভাইরাসের প্রকোপ যত বাড়ছে, তত অনিশ্চিত হয়ে পড়ছে ক্রিকেট প্রত্যাবর্তনের সম্ভাবনা। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। শ্রীলঙ্কান সফর নিয়ে চরম সিদ্ধান্তহীনতায় ভুগছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিদ্ধান্তহীনতার কারণে শেষ পর্যন্ত সিরিজটি বাতিল হয়ে যেতে পারে। অথচ বাংলাদেশকে পাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। দেশটির ক্রিকেট-সংশ্নিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, মুমিনুলদের জন্য পুরো একটি পাঁচতারকা হোটেল বুক করা হয়েছে। ক্রিকেটারদের নেওয়ার জন্য বিশেষ বিমান পাঠাতেও রাজি তারা। এসবের কোনো মূল্য থাকবে না বিসিবি 'না' করে দিলে। সেক্ষেত্রে একমাত্র পথ খোলা থাকবে সিরিজটি পিছিয়ে নেওয়া।
জুলাইয়ের শেষদিকে তিন টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা বাংলাদেশের। কভিড-১৯ মহামারির বাস্তবতায় সেটা পিছিয়ে আগস্টে করার অনুরোধ করা হয়েছে বিসিবি থেকে। তবে সিরিজ পেছানোর ব্যাপারে স্বাগতিক বোর্ড এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি। বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেন, 'যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে না সিরিজটা হবে। গেলে ভালো একটা প্রস্তুতি নিতে হবে। এ মুহূর্তে সেটা সম্ভব হচ্ছে না। ট্রেনিং কবে শুরু করা যাবে সেটাও বোঝা যাচ্ছে না। সিরিজ পিছিয়ে আগস্টে নেওয়া হলে একটা সম্ভাবনা থাকবে; কিন্তু শ্রীলঙ্কা তো সিদ্ধান্ত জানাচ্ছে না।'
বিশ্বের যে কয়টি দেশে কভিড-১৯ পরিস্থিতি ভালো শ্রীলঙ্কা তার অন্যতম। এজন্য ক্রিকেট মাঠে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করছে তারা। হোটেলে রেখে পেস বোলারদের কন্ডিশনিং ক্যাম্প করেছে এসএলসি। ক্যান্ডিতে নতুন করে ট্রেনিংয়ে যোগ দিয়েছেন আরও ১১ ক্রিকেটার। যার অর্থ হলো খেলার জন্য দল প্রস্তুত করে রাখছে এসএলসি। বাংলাদেশ দল পাঠালে ভালো, না পাঠালে বিকল্প খুঁজবে দেশটি। শুধু নিজেরা প্রস্তুত হলে চলবে কেন, অতিথি দলকেও তো হতে হবে। করোনাভাইরাসের কারণে ভারত প্রস্তুতি নিতে না পারায় লঙ্কা সফর বাতিল করেছে। আর্থিকভাবে লাভজনক এ সিরিজটি আগস্টে পিছিয়ে নেওয়ারও প্রস্তাব ভারতকে দিয়েছে এসএলসি। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় বাংলাদেশের বিপক্ষে সিরিজটিও ঝুলে আছে।
বিসিবির এক কর্মকর্তা জানান, তিন থেকে চার দিনের মধ্যেই শ্রীলঙ্কা সফরের ব্যাপারে সিদ্ধান্ত জানা যাবে। বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ রেখেছেন এসএলসির কর্মকর্তারা। নিজামউদ্দিনও ক্রিকেটারদের প্রস্তুতিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। তার মতে, ক্রিকেট শুরু করতে চাইলে শ্রীলঙ্কা একটা সুযোগ; কিন্তু টেস্টের মতো ক্রিকেট খেলার জন্য ভালো একটা প্রস্তুতি প্রয়োজন। বর্তমান বাস্তবতায় যে প্রস্তুতি বাংলাদেশ নিতে পারছে না। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তবে যে প্রস্তুতির ঘাটতির কথা বলা হচ্ছে, সে সুযোগও করে দেবে এসএলসি। শ্রীলঙ্কা গেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনের সময় নির্দিষ্ট মাঠে প্র্যাকটিস করতে পারবেন মুমিনুলরা। কলম্বোর শাংহূলা হোটেলে সুইমিং এবং জিম করতে পারবে। কারণ পুরো হোটেলটিই থাকবে টাইগারদের দখলে। আর শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সফরে না গেলে সহসা আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নাও হতে পারে টাইগারদের। বাংলাদেশের কভিড বাস্তবতায় সেপ্টেম্বরে দুই টেস্টে সিরিজ খেলতে নাও আসবে পারে নিউজিল্যান্ড। কোনো কারণে এশিয়া কাপ টি২০ ও আইসিসি টি২০ বিশ্বকাপ স্থগিত হয়ে গেলে এ বছর খেলা নেই টাইগারদের সামনে। টি২০ টুর্নামেন্ট দুটি হলেও খেলতে হবে প্রস্তুতি ছাড়া।