ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

পেসারদের পুরনো বলে দক্ষ হতে বললেন গিবসন

পেসারদের পুরনো বলে দক্ষ হতে বললেন গিবসন
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২০ | ০৫:২৭

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বৈশ্বিক ক্রিকেট থমকে আছে। আগামী সপ্তাহে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট খেলতে মাঠে নামবে। কিন্তু করোনা পরবর্তী ক্রিকেটে বল ঘষতে থুতু বা লালা নিষিদ্ধ। বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন তাই মনে করছেন, পেসারদের সাফল্য পেতে পুরনো বলে দক্ষ হতে হবে। বাংলাদেশ পেসারদের সেভাবেই প্রস্তুতি নিতে বললেন তিনি।

ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে গিবসন জানান, ঘরোয়া ক্রিকেটে পেসারদের এটা নিয়ে বেশি বেশি কাজ করতে হবে। এরই মধ্যে অবশ্য বাংলাদেশের প্রেক্ষাপট তিনি জেনে গেছেন। পুরনো হতেই বল এখানে স্পিনারদের হাতে চলে যায়। আর পেসারদের হাতে ফেরত আসে না। কিন্তু দেশের বাইরে সাফল্য পেতে পুরনো বলে পেসারদের কয়েকটা স্পেল করা উচিত বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সাবেক এই কোচ।

গিবসন বলেন, ‘বাংলাদেশের পেসাররা পুরনো বলে বল করারই সুযোগ পায় না। বল ঘষা শুরু হতেই স্পিনারদের হাতে চলে যায় এবং তারাই ইনিংস শেষ করে আসে। ঘরোয়া ক্রিকেটেও দৃশ্যটা একই। পেসাররা তাই পুরনো বলে অদক্ষ থেকে যায়। বিষয়টা তাই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

না হলে, অ্যাওয়ে ম্যাচে বিপদে পড়বে দল। বিশেষ করে পেস সহায়ক কন্ডিশনে। এই জায়গায় আমাদের তাই নজর দিতে হবে। যাত্রাটা শুরু করতে হবে ঘরোয়া ক্রিকেট থেকেই। কারণ যেখান থেকেই পেসাররা অভিজ্ঞতা অর্জন করে।'

রাসেল ডমিঙ্গো বাংলাদেশ দলের প্রধান কোচ হওয়ার পরে বেশ কিছু তরুণ ক্রিকেটার তুলে এনেছেন। আর পেস আক্রমণ সাজানোর দায়িত্বে থাকা ওটিস গিবসন তার বোলিং ইউনিটটা লম্বা করে নিয়েছেন। আল-আমিন, শফিউলদের দলে নিয়মিত করেছেন। আবু জায়েদ-এবাদতদেঋ দলে গুরুত্বপূর্ণ করে তুলেছেন। তরুণ হাসান মাহমুদ-মুকিদুলদের দিকেও নজর রেখেছেন তিনি।

বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে আশাবাদী এই কোচ বলেন, 'প্রত্যেক দলেরই বিশেষজ্ঞ পেস আক্রমণ আছে। বাংলাদেশও তার বাইরে নয়। চম্পকা রমানায়েকে তরুণদের খেয়াল রাখছেন। আর আমাদের আল-আমিন, শফিউল, সাইফউদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজের মতো ক্রিকেটার সংক্ষিপ্ত ফরম্যাটের জন্য হাতে আছে। টেস্টের জন্য এবাদত-আবু জায়েদ-তাসকিনরা আছে।

এছাড়া বিপিএল থেকে হাসান রানা (মেহেদি) ও মুকিদুলকে আমার ভালো লেগেছে। সব মিলিয়ে ১২ জনের মতো পেসার আমার হাতে আছে। আমরা তাদের বিশ্বমানের করে তুলবো। তাদেরও সেই পর্যায়ে যেতে না পারার কোন কারণ নেই। আমি বিশ্বাস করি, তাদের সেই সামর্থ্য আছে। আন্তর্জাতিক পর্যায়ে তাদের সফল না হওয়ার কারণ নেই।'

আরও পড়ুন

×