ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মার্টিনেজের ভিলাকে হারিয়ে সেমির আরও কাছে পিএসজি

মার্টিনেজের ভিলাকে হারিয়ে সেমির আরও কাছে পিএসজি
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫ | ১০:৪২ | আপডেট: ১০ এপ্রিল ২০২৫ | ১০:৫৯

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে শক্তিশালী পারফরম্যান্সে এগিয়ে গেল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফরাসি ক্লাবটি বুধবার রাতের ম্যাচে পার্ক দেস প্রিন্সে ৩-১ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাকে।

ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। শুরু থেকেই পিএসজি সমর্থকদের দুয়োতে বিদ্ধ হলেও, দারুণ কিছু সেভ করে নিজের সামর্থ্য জানান দেন তিনি। তবে গোলবার রক্ষা করে দলকে হার থেকে বাঁচাতে পারেননি। ৩৫ মিনিটে জন ম্যাকগিনের অসাধারণ পাস থেকে পাল্টা আক্রমণে গোল করে ভিলাকে এগিয়ে দেন মর্গান রজার্স। কিন্তু চার মিনিটের ব্যবধানে সমতায় ফেরে পিএসজি। কর্নার থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন দেজিরে দুয়ে।

দ্বিতীয়ার্ধে একক দাপটে খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পিএসজি। ৪৯ মিনিটে খভিচা খভারাতস্কেলিয়া একক প্রচেষ্টায় মার্টিনেজকে পরাস্ত করে স্কোরলাইন ২-১ করেন। এরপর হাকিমির একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে যোগ করা সময়ে নুনো মেন্ডেসের নিখুঁত শটে ব্যবধান বাড়িয়ে ৩-১-এ জয় নিশ্চিত করে ফরাসি ক্লাবটি।

এই জয়ে সেমিফাইনালের পথে বড় এক ধাপ এগিয়ে গেল পিএসজি। ফিরতি লেগে ঘরের মাঠে অন্তত দুই গোলের ব্যবধানে জিততে না পারলে ৪২ বছর পর কোয়ার্টার ফাইনালে এসেই বিদায়ের শঙ্কায় থাকবে অ্যাস্টন ভিলা।

আরও পড়ুন

×