ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

রিয়ালের পেনাল্টি পাওয়ার কারণ জানালেন সিমিওনে

রিয়ালের পেনাল্টি পাওয়ার কারণ জানালেন সিমিওনে
×

ছবি: গোল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২০ | ০৭:৩৫

স্প্যানিশ লা লিগায় অন্য দলের চেয়ে বেশি পেনাল্টি পাচ্ছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা প্রেসিডেন্ট মারিও বার্তামেউ ভিএআর থেকে রিয়াল ক্রমাগত সুবিধা পেয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন। বার্সেলোনা ডিফেন্ডার জোরার্ড পিকে আঙুল তুলেছেন রেফারির দিকে। তবে লিগ টেবিলে তিনে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ ডিয়াগো সিমিওনে বিষয়টি দেখছেন ভিন্নভাবে।

তার মতে, রিয়াল মাদ্রিদ অন্য দলের থেকে আক্রমণ করছে বেশি। সেজন্য তারা বেশি ট্যাকলের শিকার হচ্ছে এবং পেনাল্টি পাচ্ছে। এছাড়া ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) এখন অনেক কিছু আগের থেকে স্বচ্ছ করে তুলেছে। সিমিওনে তাই অভিযোগ তোলার যথেষ্ঠ কারণ পান না।

তিনি বলেন, 'রেফারিরাও মানুষ। তারা ভুল করতেই পারেন। কিন্তু ভিএআর এখন সবকিছু আরও পরিষ্কার করে তুলেছে। এমন অনেক ব্যাপার ছিল যেগুলো আগে দেখা রেফারিদের পক্ষে সম্ভব ছিল না, এখন সেগুলো বোঝা যাচ্ছে।এখন খেলা অনেক উন্মুক্ত। রিয়াল মাদ্রিদ বেশি পেনাল্টি পাচ্ছে মানে প্রতিপক্ষের বক্সে তারা বেশি থাকছে। বেশি আক্রমণ করছে।'

ফুটবলের গতির সঙ্গে মানিয়ে নিয়ে অনেক সময় রেফারিদের সবকিছু দেখা সম্ভব হয় না। ডিয়াগো সিমিওনে মনে করেন, 'এখন সবকিছু দেখার জন্য ভিএআর আছে। আমরা সেগুলো দেখতে পাচ্ছি, দর্শকরা ঘর থেকে দেখছে। সুতরাং ফুটবল এখন আরও উন্মুক্ত। সিদ্ধান্তগুলো হয়তো অনেক সময় আমাদের কষ্ট দেবে, অনেক সময় সহায়তা করবে। কিন্তু আসল ঘটনা হচ্ছে, কোনটা অফ সাইড, কোনটা পেনাল্টি সেগুলো এখন আমরা দেখতে পাচ্ছি।'

আরও পড়ুন

×