মরিনহোর চোখে এটা সুন্দর দৃশ্য!
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২০ | ০১:৪৮
ফুটবল মাঠে প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি-ধাক্কাধাক্কি নতুন কিছু নয়। প্রায়ই ম্যাচে চোখ রাঙানি তো থাকেই। কিন্তু সতীর্থের সঙ্গে হাতাহাতি কিংবা ঝগড়া লাগিয়ে দেওয়ার ঘটনা খুব একটা দেখা যায় না। আর ওমনটা ঘটলে ওই দলের মধ্যে সমন্বয় নেই, ভাঙনের সুর খোঁজেন অনেকে।
এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যামের দুই তারকা হুগো লরিস ও হিউয়েন সন মিনের মধ্যে দেখা গেল তেমনই লড়াই। ম্যাচের ২৪ মিনিটে এশিয়ান ফুটবলের সবচেয়ে বড় তারকা উইঙ্গার সনের ওপর ক্ষেপে যান ফ্রান্সের বিশ্বকাপ জয়ী গোলরক্ষক লরিস। তবে দলের ম্যানেজার মরিনহো এটাকে ইতিবাচকভাবে দেখছেন। তার মতে, এটা সুন্দর এক দৃশ্য!
ম্যাচ শেষে অবধারিতভাবেই মরিনহোকে প্রশ্ন শুনতে হয়, দলের দুই তারকার লড়াই কিভাবে দেখেন। উত্তরে মরিনহো বলেন, 'সুন্দর! তবে এটার জন্য আপনারা আমকে দোষ দিতে পারেন। আমার দলের ফুটবলাররাও একে অপরের প্রতি সমালোচনামুখর। তারা সতীর্থদের থেকে সেরাটা বের করে নিতে চায়। ভালো খেলার চাপ দিতে থাকে এটা তারই ফল।'
মরিনহো জানান, শিষ্যদের তিনি এমনটাই বলেছেন। একে অপরের কাছে তাদের প্রত্যাশা অনেক বেশি। প্রথমার্ধ শেষে কোচ তাই তার শিষ্যদের বলেন, তোমাদের মধ্যে যদি এই কঠোরতা শেষ পর্যন্ত থাকে তবে ম্যাচ না জিতে ফেরার কোন কারণ নেই। মরিনহোর দল ম্যাচটা অবশ্য জয় দিয়েই শেষ করেছে। এভারটনেক ১-০ গোলে হারিয়েছে। কিন্তু পয়েন্ট টেবিলে মরিনহোদের অবস্থান দশে।