খেলোয়াড়রা ফিট থাকলে ক্লাব রাজি
ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ১২:০০ | আপডেট: ১০ জুলাই ২০২০ | ০০:৩৬
ঢাকা প্রিমিয়ার লিগে খেলার প্রস্তুতি নিতে ক্লাবগুলোকে মৌখিক একটা নির্দেশনা দেওয়া হয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) পক্ষ থেকে। কভিড-১৯ পরিস্থিতি ভালো হলে ১৫ দিনের নোটিশে যেন খেলায় ফিরতে পাররে তারা। বিসিবির এই প্রস্তাব মেনে নিজেদের প্রস্তুত রাখতে সম্মতি জানিয়েছেন ক্লাব কর্মকর্তারাও। তবে তারা চান শতভাগ ফিট ক্রিকেটারদের নিয়ে মাঠে নামতে।
দেশের করোনা পরিস্থিতি ভালো হলে ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে শুরু হতে পারে ক্রিকেট। সেভাবে পরিকল্পনা নিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিকেএসপি ও কক্সবাজারকে বিকল্প ভেন্যু ধরে নিয়ে বুধবার একটা বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে সিসিডিএম চেয়ারম্যানের পক্ষে। ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেট কর্মকর্তা আমিন খান জানান, সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ ব্যক্তিগতভাবে সব ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে কথাও বলেছেন এ নিয়ে। আমিন বলেন, 'মানসিকভাবে আমরা সবাই প্রস্তুত আছি। প্রিমিয়ার লিগ চালু হয়ে আবার বন্ধ হয়ে গেছে। করোনা পরিস্থিতি ভালো হলে প্রিমিয়ার লিগ শুরু হবে সবাই জানে। প্রিমিয়ার লিগ শেষ না হলে অনেক জটিলতা হবে। পুরো লিগের চক্রটাই ওলটপালট হয়ে যাবে। সবদিক বিবেচনা করে খেলার স্বার্থে আমার মনে হয় সবাই এটা মেনে নেবে।'
তবে এক-দুই মাসের মধ্যে যে লিগ মাঠে গড়াবে তেমন কোনো সিদ্ধান্ত হয়নি। সরকারের অনুমোদন পেলে আর করোনা সংক্রমণ নিম্নমুখী হলে কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। লিগ যখনই শুরু হোক ক্লাব কর্মকর্তারা চান খেলার জন্য পুরোপুরি ফিট থাকবেন ক্রিকেটাররা, 'আমাদের প্রস্তুতি নিতে হবে ১৫ দিনে। সেটা সম্ভব। কিন্তু খেলোয়াড়দের ফিট হতে হবে সময় নিয়ে। তারা ফিট থাকলে আমাদের কোনো আপত্তি নেই।'
লিগ দেরিতে শুরু হলেও খেলোয়াড়দের সম্মানী দেওয়ার জন্য ক্লাবগুলোকে অনুরোধ করেছে বিসিবি। ব্রাদার্স কর্মকর্তা আমিন জানান, বিসিবির এই অনুরোধও রাখবেন তারা। তার মতে, 'লিগের খেলা চালু থাকলে টাকা পাওয়া কঠিন ছিল না। মাঠে খেলা থাকলে ডোনাররাও টাকা দেন। তবে যেভাবেই হোক ঈদের আগে আমরা খেলোয়াড়দের একটা সম্মানী দেওয়ার চেষ্টা করব। বিসিবি থেকে মৌখিকভাবে আলোচনা করছে, চিঠিও দেবে। আমরাও চেষ্টা করছি খেলোয়াড়দের যতটা পারা যায় পেমেন্ট দেওয়ার।'
গাজী গ্রুপ ক্রিকেটারের সমন্বয়ক রাকিব হায়দার পাভেলের মতে, 'আমাদের বলা হয়েছে প্রস্তুত হতে। আমরা সেভাবে প্রস্তুত থাকব। খেলোয়াড়দের সম্মানী নিয়েও কথা হয়েছে। গাজী গ্রুপ ক্রিকেটার্সের খেলোয়াড়দের সম্মানী দেওয়া আছে। সম্মানী নিয়ে আমাদের দলের খেলোয়াড়দের কোনো অভিযোগ নেই।'
করোনার কারণে সাড়ে তিন মাস ধরে খেলার বাইরে ক্রিকেটাররা। বাসার ভেতরে ফিটনেস নিয়ে কিছু কাজ তারা করতে পারলেও স্কিল ট্রেনিং করা সম্ভব হয়নি। সিসিডিএম ও ব্রাদার্স কর্মকর্তা আমিন জানান, ঈদের পর জাতীয় দলের ক্রিকেটারদের দিয়ে ট্রেনিং শুরু করা হতে পারে। ধাপে ধাপে লিগের ক্রিকেটারদেরও প্র্যাকটিসের সুযোগ করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।