দল ঘোষণার পর বিশ্বকাপ স্থগিতের খবর শুনল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫ | ২১:২৬
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সংবাদ সম্মেলন শেষ হয় দুপুর আড়াইটায়। যেখানে অভিজ্ঞ রুপালী আকতারকে অধিনায়ক করে নারী কাবাডি বিশ্বকাপে ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করা হয়। সংবাদ সম্মেলন শেষ হওয়ার ৪০ মিনিট পরপরই ভারত থেকে একটি ই-মেইলে জানানো হয়, স্থগিত করা হয়েছে ৩-১৩ আগস্ট হায়দরাবাদে অনুষ্ঠেয় দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, ‘সংবাদ সম্মেলন শেষে আমরা ই-মেইলটি পাই। টুর্নামেন্টের আয়োজকরা জানিয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কন্টিনজেন্ট তালিকার ছাড়পত্র পেতে বিলম্ব হওয়ায় বিশ্বকাপ স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে জানানো হবে।’
এর আগে সংবাদ সম্মেলনে চাইনিজ তাইপেসহ কয়েকটি দেশের ভিসা জটিলতার কথাও সেসময়ে উল্লেখ করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। বাংলাদেশ দল আগামীকাল ভিসার জন্য আবেদন করার কথা থাকলেও বিশ্বকাপ স্থগিত হওয়ায় তা আর প্রয়োজন হচ্ছে না।
বিশ্বকাপের মতো মঞ্চে খেলার সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ খেলোয়াড়েরা। তবে অনুশীলন বন্ধ না করার কথা জানায় ফেডারেশন। নেওয়াজ সোহাগ বলেন, ‘বিশ্বকাপ স্থগিত হওয়া অবশ্যই দুঃখজনক। তবে আমরা আমাদের ক্যাম্প চালিয়ে যাব। কাবাডির উন্নয়নে ধারাবাহিক অনুশীলনের কোনো বিকল্প নেই।’
- বিষয় :
- কাবাডি
