দলবদলের ভাঙা হাটের শোপিস
ইশাক, দোন্নারুমা, রদ্রিগোর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।
সুমন মেহেদী
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫ | ১৯:৩০ | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ | ১৯:৩৮
ইউরোপিয়ান ফুটবলের গ্রীষ্মকালীন দলবদলের হাট ভাঙার পথে। শীর্ষ লিগে কেনাবেচা হবে আর পাঁচ দিন। অথচ এখনও বড় বড় তারকার গতি হয়নি। ভাঙা হাটে শোপিস হয়ে আছেন তারা। প্রতিদিন নতুন নতুন গুঞ্জন বেরোচ্ছে। ক্লাব ও খেলোয়াড় পর্যায়ে আলোচনা চলছে। সমঝোতা হচ্ছে, আবার ভেস্তেও যাচ্ছে। গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা, ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস, স্ট্রাইকার অ্যালেক্সজান্ডার ইশাকরা এখনও জানেন না ২ সেপ্টেম্বর কোথায় থাকবেন।
বিলিয়ন বিলিয়ন ইউরো খরচের পর গত মৌসুমে পিএসজি কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। লা প্যারিসিয়ানদের ইউরোপের চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছেন ইতালিয়ান গোলরক্ষক দোন্নারুমা। অথচ শুরু হওয়া মৌসুমে কোচ লুইস এনরিকের বাতিলের খাতায় তিনি।
দোন্নারুমা ক্লাব ছাড়তে চান। তাঁকে দলে নেওয়ার দৌড়ে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড থাকলেও এগিয়ে সিটিজেনরা। সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, ব্যক্তিগত পর্যায়ে ম্যানসিটির সঙ্গে সমঝোতা হয়ে গেছে দোন্নারুমার। ক্লাব পর্যায়ে সমঝোতার পথ এখনও বেশ বাকি। এদেরসন ম্যানচেস্টার ছাড়ার বিষয় তো আছেই।
প্রিমিয়ার লিগের বড় তারকা ইশাক। গত মৌসুমে লিগের দ্বিতীয় সর্বাধিক ২৭ গোল করেছিলেন নিউক্যাসল ইউনাইটেডের এই সুইডিশ স্ট্রাইকার। সৌদি মালিকানায় যাওয়া ক্লাবটিকে বেতন বাড়াতে বলেছিলেন তিনি।
নিউক্যাসল রাজি না হওয়ায় ঘোষণা দেন ক্লাব ছাড়ার। লিভারপুল তাঁর জন্য রেকর্ড ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে সেই ১ আগস্ট। সাড়া দেয়নি ম্যাগপাইরা। নিউক্যাসলের মালিক পক্ষ বৈঠকে বসেও গলাতে পারেনি তাঁর মন। ইশাক এখন নিজেও জানেন না তাঁর ভাগ্যে কী অপেক্ষা করছে।
দলবদলের ভাঙা হাটে শোপিস হয়ে থাকা রদ্রিগো গোয়েস আরেক বড় নাম। রিয়াল মাদ্রিদ ছাড়তে চান এই ব্রাজিলিয়ান তারকা। তাঁকে দলে নিতে আর্সেনাল, লিভারপুল, বায়ার্ন মিউনিখ ও ম্যানসিটি আগ্রহী ছিল।
কিন্তু চড়া দামের কারণে কোথাও যাওয়া হয়নি তাঁর। যদি কিন্তুর ওপর ঝুলে আছে রদ্রিগোর ভবিষ্যৎ। ম্যানসিটি ছাড়তে পারেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সাভিনহো। সিটিজেনরা তখন রদ্রিগোকে দলে ভেড়াতে পারে। নয়তো বিশ্বকাপের বছর রিয়ালের বেঞ্চই গরম করতে হবে তাঁকে।
নতুন লিগ মৌসুমে ব্রুনো ফার্নান্দেজ ম্যানচেস্টার ইউনাইটেডের নেতৃত্বের আর্মব্যান্ড পরলেও তাঁর সৌদি যাওয়ার গুঞ্জন এখনও থামেনি। ম্যানইউ কোচের বাতিলের খাতায় পড়া আর্জেন্টিনার অ্যালেজান্দ্রো গার্নাচো, ব্রাজিলের অ্যান্তোনি, ইংল্যান্ডের জাদন সানচো, ডেনমার্কের রামসুম হোয়লুন্ডের ভবিষ্যৎ ক্লাব এখনও ঠিক হয়নি।
বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার ফারমিন লোপেজকে কিনতে চায় চেলসি। দলবদলের ভাঙা হাটে আলোচনায় আছেন ক্রিস্টাল প্যালসের ইংলিশ ডিফেন্ডার মার্ক গুইহি, ওয়েস্টহ্যামের ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকুয়েতা, ইকুয়েডরের লেভারকুসেন ডিফেন্ডার মার্টিন হিনক্যাপেরা। অথচ আলোচনা, সমঝোতা, চুক্তি ও মেডিকেল সম্পন্ন করার জন্য এক সপ্তাহও নেই হাতে।
- বিষয় :
- ফুটবল দলবদল
- রদ্রিগো গোয়েস
