ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

আরও দুই সপ্তাহ সময় পাচ্ছেন সৌরভরা

আরও দুই সপ্তাহ সময় পাচ্ছেন সৌরভরা
×

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২০ | ১২:০০ | আপডেট: ২৩ জুলাই ২০২০ | ০১:১১

২৭ জুলাই বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গাঙ্গুলীর মেয়াদ শেষ হতে চলেছে। তবে বোর্ড চায় সৌরভ দায়িত্ব চালিয়ে যান। এ-সংক্রান্ত এক আবেদনের রায়ের দিন ধার্য ছিল গতকাল। তবে এ দিনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি ভারতের সর্বোচ্চ আদালত।

বিসিসিআইর উত্থাপিত আবেদনের ওপর আরও শুনানির জন্য সময় দিয়েছেন আদালত। যে কারণে বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে আরও অন্তত দুই সপ্তাহ সময় পেয়েছেন সৌরভ গাঙ্গুলী। একই সুবিধা পাচ্ছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহও।

ভারতীয় ক্রিকেট বোর্ডের পরিচালনা বিষয়ে সুপ্রিম কোর্ট গঠিত আর এস লোধা কমিটি বেশ কিছু সুপারিশ করেছিল, যা বিসিসিআইর বোর্ড মিটিংয়ে অনুমোদিতও হয়। সুপারিশগুলোর অন্যতম ছিল কোনো কর্মকর্তা বোর্ড ও রাজ্য অ্যাসোসিয়েশন মিলিয়ে সর্বোচ্চ ছয় বছরের বেশি একটানা দায়িত্ব পালন করতে পারবেন না। ফের দায়িত্ব নিতে হলে মাঝে তিন বছরের বিরতি বা কুলিং-অফ থাকবে।

গত বছরের শেষদিকে বিসিসিআইর সভাপতি এবং সেক্রেটারির দায়িত্ব নেওয়ার আগে সৌরভ গাঙ্গুলী ও জয় শাহ যথাক্রমে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল এবং গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনে পাঁচ বছরের বেশি দায়িত্ব পালন করেছিলেন। এখন কুলিং-অফের নিয়ম অনুযায়ী মে মাসেই মেয়াদ শেষ হয়ে গেছে জয় শাহর, সৌরভের হবে ২৭ জুলাই।

আরও পড়ুন

×