ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এক ম্যাচের শিরোপা লড়াই

এক ম্যাচের শিরোপা লড়াই
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৩:০৭

ম্যাচ স্রেফ একটি, কিন্তু গুরুত্ব অনেক। এই ম্যাচ দিয়ে বেজে উঠবে ঘরোয়া ফুটবল মৌসুমের ঘণ্টা। চ্যালেঞ্জ কাপের নামকরণের এই ম্যাচটিতে আজ মুখোমুখি হতে যাচ্ছে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুই দলের ট্রফির লড়াইটি শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে। সন্ধ্যা নামার আগেই জানা যাবে বসুন্ধরার দ্বিতীয়, নাকি মোহামেডানের ঘরে যাবে প্রথম শিরোপা।

স্বাভাবিকভাবে আগের মৌসুমে লিগ চ্যাম্পিয়ন ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন মুখোমুখি হয় চ্যালেঞ্জ কাপে। সে হিসেবে মোহামেডান লিগ সেরা এবং কিংস ফেড কাপে সেরা। গতবার অনুষ্ঠিত চ্যালেঞ্জ কাপেও দুই দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচ হয়েছিল বসুন্ধরা কিংস অ্যারেনায়, যেখানে দর্শকের উচ্ছৃঙ্খল আচরণের কারণে খেলায় বিঘ্ন ঘটেছিল। নাটকীয় ও উত্তেজনাকর ম্যাচ জিতে নিজেদের শোকেসে আরেকটি ট্রফি যোগ করেছিল বসুন্ধরা। এবার তাদের হারিয়ে প্রতিশোধ নেওয়ার সুযোগ আলফাজ আহমেদের দলের। তবে মৌসুম শুরুর প্রস্তুতিতে বসুন্ধরার চেয়ে বেশ পিছিয়ে মোহামেডান। অনেক আগে থেকেই অনুশীলন শুরু করেছে কিংস। বিপরীতে মাত্র পাঁচ দিনের প্রস্তুতি নিয়ে চ্যালেঞ্জ কাপের চ্যালেঞ্জ জিততে নামবে মোহামেডান। 

প্রস্তুতির ঘাটতি থাকলেও মোহামেডান কোচ আলফাজ বেশ আশাবাদী, ‘যেহেতু চ্যাম্পিয়নশিপের লড়াই, তবে আমি টিমটা পেয়েছি অল্প কিছুদিন। তারপরও আত্মবিশ্বাস আছে, ফাইনালে আমরা শিরোপার জন্যই খেলব। বসুন্ধরাকে সম্মান দিতে হবে, তারা আমাদের চেয়ে ভালো দল। গত পাঁচ-ছয় মৌসুম তারা সব সময় আমাদের চেয়ে ভালো দল গড়ে। বাংলাদেশে তারা উঁচু মানের কোচ আনে। এই কোচও ভালো, হাই-প্রোফাইলের।’

গত মৌসুমটা কিংসের খুব একটা ভালো কাটেনি। প্রিমিয়ার লিগে রানার্সআপ পর্যন্ত হতে পারেনি তারা। ব্যর্থতার কারণে ভ্যালেরিও তিতাকে কোচের পদ থেকে সরিয়ে দেয় কিংস। নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আর্জেন্টাইন মারিও গোমেজকে। 

শুক্রবার ম্যাচ দিয়ে কিংসের ডাগআউটে দাঁড়াবেন তিনি, ‘প্রস্তুতি ভালো। কোনো সমস্যা নেই। কেননা, আমাদের ছেলেরা জাতীয় দলে খেলার মধ্যে ছিল। শুক্রবারের ম্যাচ নিয়ে আমরা প্রস্তুত। ফুটবলে যদি তুমি জয় পাও, তুমি সেরা; না জিতলে সেরা নও।’

আরও পড়ুন

×