এশিয়া কাপের ব্যর্থতায় ক্ষমা চাইলেন জাকের আলী
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫ | ১৯:০১ | আপডেট: ০১ অক্টোবর ২০২৫ | ১৯:০৩
লিটন দাস চোটের কারণে মাঠের বাইরে থাকায় তার অনুপস্থিতিতে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পান জাকের আলী অনিক। দায়িত্ব পাওয়ার পরই প্রথম প্রতিক্রিয়ায় তিনি স্বীকার করেছেন, এশিয়া কাপে প্রত্যাশিত পারফরম্যান্স না করতে পারা দলের জন্য বড় হতাশা। সেই সঙ্গে প্রবাসী সমর্থকদের কাছেও ক্ষমা চেয়েছেন তিনি।
সদ্য সমাপ্ত এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ কেবল একটি ম্যাচে জয় পেয়েছিল। পাকিস্তান ও ভারতের বিপক্ষে হেরে বিদায় নিতে হয় টুর্নামেন্ট থেকে। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে ১৩৬ রানের লক্ষ্য তাড়া করেও ব্যর্থ হওয়াটা বড় হতাশার।
বুধবার সংবাদ সম্মেলনে জাকের আলী বলেন, ‘আমরা এখানে এসেছিলাম এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলতে। সেটা হয়নি, ব্যাপারটা সত্যিই হতাশার। তবে এখন সামনে আফগানিস্তান সিরিজ আছে, সেটা খেলার জন্য মানসিকভাবে ভালো অবস্থায় আছি।’
সমর্থকদের উদ্দেশে তিনি আরও যোগ করেন, ‘দুঃখপ্রকাশ ছাড়া আসলে আর কিছু বলার নেই। আমরা অনেক আশা দেখিয়েছি, কিন্তু এশিয়া কাপে ভালো করতে পারিনি। তাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া এর চেয়ে বেশি কিছু বলার নেই।’
লিটনের চোটে হঠাৎ দায়িত্ব পেলেও জাকের আশাবাদী, সামনে দল ঘুরে দাঁড়াবে। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামীকাল।
