ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

উইকেট দেখে উতলা না হওয়ার পরামর্শ মুস্তাকের

উইকেট দেখে উতলা না হওয়ার পরামর্শ মুস্তাকের
×

মিরপুরে দ্বিতীয় ওয়ানডের আগে রিশাদ-মিরাজদের অনুশীলন। ছবি: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ | ১৮:৪২ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ | ১২:০২

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের কালো মাটির উইকেট স্পিনারদের জন্য স্বর্গে পরিণত হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে রিশাদ হোসেন ক্যারিয়ার সেরা ছয় উইকেট নিয়েছেন। দ্বিতীয় ওয়ানডের আগে স্পিনের শক্তি বাড়াতে বাঁ-হাতি নাসুম আহমেদকে দলে ডাকা হয়েছে। ক্যারিবীয়রা উড়িয়ে আনছে স্পিনার আকিল হোসেনকে।

বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদও স্বীকার করছেন, উইকেট স্পিন সহায়ক। তবে তার মতে, উইকেট দেখে উতলা হলে চলবে না। কারণ শুধু ভালো বোলিং করলে উইকেট নাও মিলতে পারে। ভালো ওভার করতে হবে, প্রসেসে থেকে বোলিং করতে হবে, তবেই মিলবে উইকেট।

দ্বিতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে সোমবার মুস্তাক বলেন, ‘স্পিনার হিসেবে আমি মনে করি, যখন আপনি এমন উইকেট দেখবেন, উতালা হয়ে পড়বেন, উতলা হলেই আপনি প্রসেস ভুলে যাবে। ক্রিকেটে প্রসেসই সব। উইকেট নিতে শুধু একটা ভালো বোলিং করলেই হবে না, ভালো ওভারও করতে হবে। এমন টার্নিং উইকেটে মেডেন ওভার দিতে হবে, ভালো ওভার করতে হবে’

রিশাদ হোসেনের ছয় উইকেটের পেছনে মিরপুরের টার্নিং উইকেটের কৃতিত্ব দেখা হচ্ছে। রিশাদ যে দক্ষতা দেখিয়েছেন, লাইন-লেন্থ মেনে বোলিং করেছেন তা ছোট করে দেখা হচ্ছে বলেও মনে করেন পাকিস্তানের সাবেক স্পিনার মুস্তাক, ‘স্পিনিং উইকেটে বোলিং করা সহজ নয়, এমন উইকেটে সেরাটা দিতে হয়। তরুণ লেগ স্পিনার হিসেবে তার ভড়কে যাওয়ার কথা। রিশাদ খুবই ভালো বোলিং করেছে, প্রসেস ঠিক রেখেছিল, লাইন-লেন্থ মেনে বোলিং করেছে, ভালো গুগলি করেছে। যা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ভালো খবর।’

ঘরোয়া পর্যায়ে সাদা বলের চেয়ে রিশাদ হোসেনের লাল বলে খেলার অভিজ্ঞতা বেশি। তবে আন্তর্জাতিক অঙ্গনে এখন পর্যন্ত সাদা বলের ক্রিকেটই খেলছেন তিনি। স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ মনে করেন, রিশাদের লাল বলে সফল হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে, ‘রিশাদের লাল বলে সম্ভাবনা আছে, রিশাদ গুগলি করতে পারে, উচ্চতা ভালো, বাউন্স পায়। এখন অনেক দলের শেষ চার ব্যাটার ভালো ব্যাটিং করে, তবে তারা ভালো গুগলি পড়তে পারে না, রিশাদ সেখানে চ্যালেঞ্জ জানাতে পারবে।’

আরও পড়ুন

×