এক ইনিংসে দুই হ্যাটট্রিক, ইতিহাস রঞ্জি ট্রফিতে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫ | ১৭:৫৭
ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট রঞ্জি ট্রফি এক বিরল ও অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হলো। শনিবার আসামের বিপক্ষে সার্ভিসেস দলের দুই বোলার স্পিনার অর্জুন শর্মা ও পেসার মোহিত জাঙ্গরা একই ইনিংসে হ্যাটট্রিক করার অনন্য কীর্তি গড়েছেন। এই বোলিং তোপেই আসামের প্রথম ইনিংস মাত্র ১০৩ রানে গুটিয়ে গেছে।
আসামের টিনসুকিয়া জেলা ক্রীড়া সংস্থা মাঠে ২৪ বছর পর রঞ্জি ম্যাচ ফেরার দিনে এই ইতিহাস গড়েন তারা। ঘরের মাঠে ব্যাট করতে নেমে আসাম মাত্র ৪৫ রানে ৫ উইকেট হারালে ধসের শুরু হয়। প্রথম হ্যাটট্রিকটি করেন সার্ভিসেসের স্পিনার অর্জুন শর্মা। তিনি আসামের অধিনায়ক রায়ান পরাগকে আউট করার পরের দুই বলে যথাক্রমে উইকেটরক্ষক সুমিত ঘাড়িগাঁওকর ও শিবশঙ্কর রায়কে ফিরিয়ে দিয়ে চলতি মৌসুমের প্রথম হ্যাটট্রিকটি পূর্ণ করেন।
এরপরই মঞ্চে আসেন বাঁহাতি পেসার মোহিত জাঙ্গরা। তিনি ১৫তম ওভারের শেষ বলে আসামের ওপেনার প্রদ্যুন সাইকিয়াকে বোল্ড করেন। এরপর নিজের পরের ওভারের প্রথম দুই বলে মুখতার হোসেন ও ভার্গব লাখারকে ফিরিয়ে দিয়ে নিজের প্রথম শ্রেণির ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকটি তুলে নেন।
রঞ্জি ট্রফির ইতিহাসে এক ইনিংসে দুই হ্যাটট্রিকের ঘটনা এটি দ্বিতীয়বার ঘটলেও, দুই ভিন্ন বোলারের হ্যাটট্রিক করার ঘটনা এটিই প্রথম। এর আগে ১৯৬৩ সালে সার্ভিসেসেরই পেসার জোগিন্দার রাও একাই এক ইনিংসে দুটি হ্যাটট্রিক করার অবিশ্বাস্য কীর্তি গড়েছিলেন।
সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে দুই হ্যাটট্রিকের ঘটনা এটি মাত্র পঞ্চম। এই তালিকায় অর্জুন ও মোহিতের আগে সর্বশেষ ১৯৯৬ সালে কেন্টের হয়ে ডিন হেডলি ও মার্টিন ম্যাকক্যাগ হ্যাম্পশায়ারের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন।
- বিষয় :
- রঞ্জি ট্রফি
