সেঞ্চুরির পথে মুশফিক, খুলনাকে হারাল রাজশাহী
ম্যাচ শেষে খুলনার অধিনায়ক মিঠুন ও রাজশাজীর অধিনায়ক শান্ত। ছবি: বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫ | ১৯:৪৭
ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের চার ম্যাচেই বৃষ্টি বিঘ্ন ঘটিয়েছে। বৃষ্টি উপেক্ষা করে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অল্প রানের লড়াইয়ের ম্যাচে খুলনা বিভাগকে ৭ উইকটে হারিয়েছে রাজশাহী বিভাগ। অন্য তিন ম্যাচ হাঁটছে ড্র’র পথে। এর মধ্যে সিলেটের হয়ে খেলা মুশফিকুর রহিম সেঞ্চুরির পথে আছেন। সোমবার সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে তৃতীয় দিন শেষে ৯৩ রানে অপরাজিত তিনি। তার দলও ঢাকা বিভাগের ৩১০ রানের দারুণ জবাব দিচ্ছে।
খুলনা বিভাগ প্রথম ইনিংসে ১২১ রানে অলআউট হয়ে যায়। দলটির এনামুল বিজয়, সৌম্য সরকার, মেহেদী মিরাজরা ব্যর্থ হন। জবাবে প্রথম ইনিংসে ২৬৮ রান করে ১৪৭ রানের লিড নেয় রাজশাহী। দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অলআউট হয় খুলনা। ওই ইনিংসে বিজয় ৩২ ও মিরাজ ৪৮ রান করেন। রাজশাহীকে ১০৯ রানের লক্ষ্য দিলে সহজে জিতে যায় নাজমুল শান্তর দল।
সিলেটে ঢাকা প্রথমে ব্যাট করে ৩১০ রান তোলে। দলটির অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন ১২২ রানের ইনিংস খেলেন। জবাবে মুশফিকের ব্যাটে ৭ উইকেটে ২৬০ রান করেছে সিলেট। এছাড়া অধিনায়ক জাকির হাসান ৪৩ রান করেন। তারা পিছিয়ে আছেন ৫০ রানে। ম্যাচটি ড্র’র পথেই এগোচ্ছে।
কক্সবাজারে রান উৎসব করেছে ময়মনসিংহ বিভাগ। শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে দলটির ওপেনার মাহফিজুল ইসলাম ১২৭ রান করেন, অন্য ওপেনার নাঈম শেখ ১১১ রান করে ফিরে যান। আব্দুল মজিদ ১১৯ রানে অপরাজিত থাকেন। ৬ উইকেটে ৫৫৫ রান তুলে ইনিংস ঘোষণা করে ময়মনসিংহ। জবাবে রংপুর ১৮ রানে ২ উইকেট হারিয়েছে। দলটি ব্যাটিং বিপর্যয়ে পড়ে ফলোঅন না হলে এই ম্যাচও ফলাফলের মুখ দেখবে না।
কক্সবাজারের শেখ কামাল একাডেমি মাঠে চট্টগ্রাম বিভাগ ও বরিশাল বিভাগের ম্যাচটিও যাচ্ছে ড্র’র পথে। চট্টগ্রাম প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৫৮ রান তোলে। ওপেনার সাদিকুর রহমান ১২২ রান করেন। মুমিনুল হক ৯২ রান করে আউট হন। জবাবে বরিশাল চারে নামা সালমান হোসেন ইমনের অপরাজিত ৭৫ রানে ২ উইকেটে ১৬৬ রান করেছে। ১৯২ রানে পিছিয়ে তারা।
- বিষয় :
- নাজমুল হোসেন শান্ত
- মেহেদী মিরাজ
