প্রথমদিন ক্যাচ মিসের পুরনো অস্বস্তি
ছবি- ইউসুফ আলী (সিলেট থেকে)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫ | ১৫:৩৭ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ | ১৭:৩৩
স্পোর্টিং উইকেট হিসেবে সুপরিচিতি আছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। ব্যাটাররা রান পান, বোলাররাও সুবিধা পান। সিলেট টেস্টের প্রথমদিন বাংলাদেশ ও আয়ারল্যান্ড ভারসাম্যপূর্ণ দিন পার করেছেন। আইরিশরা ৯০ ওভারে ৮ উইকেটে ২৭০ রান করেছে। স্বাগতিক শিবিরে পাঁচটি ক্যাচ ফেলার অস্বস্তি আছে।
প্রথম ওভারে উইকেট হারিয়েও প্রথম সেশন আইরিশদের: সিলেটে দুই টেস্টের সিরিজের প্রথমটিতে টস হেরে বোলিংয়ে নামে বাংলাদেশ। প্রথম ওভারে উইকেট তুলে নেন পেসার হাসান মাহমুদ। আইরিশ ওপেনার ও অধিনায়ক আন্দ্রে বালবির্নিকে চতুর্থ বলে লেগ বিফোরে পরিণত করেন তিনি। দলটির স্কোরবোর্ডে তখনো যোগ হয়নি কোন রান।
_1762853856.jpg)
প্রথম ওভারে উইকেট হারানোর পরও প্রথম সেশনে কর্তৃত্ব করেছে আয়ারল্যান্ড। মধ্যাহ্ন ভোজের আগে ২৫ ওভারে ওই ১ উইকেট হারিয়ে ৯৪ রানে শেষ করে আইরিশরা। কিন্তু দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই পল র্স্টালিং ফিরে যান। তিনি ৭৬ বলে ৬০ রান করেন। তাকে তুলে নেন পেসার নাহিদ রানা।
বাংলাদেশ প্রথম এই সেশনের প্রথম ছয় ওভারে তিনটি ক্যাচ ফেলেছে। এর মধ্যে চতুর্থ ওভারে নাহিদ রানা বলে সাদমান ইসলাম, পঞ্চম ওভারে হাসান মাহমুদের বলে তাইজুল ইসলাম এবং ষষ্ঠ ওভারে নাহিদ রানার বলে র্স্টালিংয়ের ক্যাচ ফেলেন মেহেদী মিরাজ।
দ্বিতীয় সেশন মিরাজের: প্রথম দিনের দ্বিতীয় সেশনের প্রথম ওভারে র্স্টালিং ফিরে যান। পরের ওভরেই উইকেট তুলে নেন মেহেদী মিরাজ। তিনি হ্যারি টেক্টরকে ফেরান। এরপর উইকেটে সেট হওয়া কেডে কারমাইকেলকে আউট করেন তিনি। তিনে নামা এই ব্যাটার ১২৯ বল খেলে ৫৯ রান করে আউট হন। মিরাজের জোড়া এই আঘাতে ম্যাচের নিয়ন্ত্রণ কিছুটা হাতে পায় বাংলাদেশ। ততক্ষণে ১৫০ রান করে ফেলেছে আইরিশরা। ৪ উইকেটে ১৮৪ রান নিয়ে দ্বিতীয় সেশন শেষ করে তারা। এই সেশনেও হাসান মাহমুদের বলে ক্যাচ পড়েছে।
শেষ সেশনে তিন স্পিনারের চার উইকেট: সিলেট টেস্টের শেষ সেশনে কর্তৃত্ব করেছে বাংলাদেশের তিন স্পিনার হাসান মুরাদ, মেহেদী মিরাজ ও তাইজুল ইসলাম। এই সেশনে ৮৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছে বাংলাদেশ। এর মধ্যে ক্রিজে সেট হয়ে ফিফটির আশা করা দুই মিডল অর্ডার ব্যাটার কার্টুস ক্যাম্পার ও লরকান টাকারকে তুলে নেন মুরাদ।
ক্যাম্পার ৯৪ বলে চারটি চার ও দুই ছক্কায় ৪৪ রান করেন। টাকার ৮০ বল খেলে তিন চারের সঙ্গে এক ছক্কার শটে ৪১ রান করে স্টাম্পিং হন। পরেই স্টাম্পিং হন আন্দ্রে ম্যাকব্রিনি। তাকে তুলে নেন মিরাজ। লোয়ার মিডলের জর্ডান নেইল ও ব্যারি ম্যাককার্টি দারুণ একটা জুটি গড়ে দিন শেষ করার বার্তা দিচ্ছিলেন। কিন্তু দিনের শেষ ওভারের শেষ বলে তাইজুলের বলে লেগ বিফোর হন নেইল। তিনি ৬০ বলে ৩০ রান করেন। ২১ রানে দ্বিতীয় দিন শুরু করবেন ম্যাককার্টি।
স্পিনারদেরই দাপট: চার পেসার রেখে টেস্টের দল ঘোষণা করেছে বিসিবি। তবে সিলেট টেস্টের একাদশে দুই পেসারের সঙ্গে তিন স্পিনার রাখে টিম ম্যানেজমেন্ট। প্রথমদিন স্পিনাররাই কর্তৃত্ব করেছেন। মেহেদী মিরাজ ২৩ ওভার হাত ঘুরিয়ে ৫০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। বাঁ হাতি স্পিনার মুরাদ ২০ ওভারে ৪৭ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তাইজুল কিছুটা খরুচে ছিলেন। তার ২১ ওভারে ৭২ রান নিয়ে ১ উইকেট দিয়েছে আইরিশরা। বাকি দুই উইকেট নিয়েছেন দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা।
- বিষয় :
- বাংলাদেশ
- আয়ারল্যান্ড
- মেহেদী মিরাজ
