ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সাক্ষাৎকার

‘৩৪ কিলোমিটার গতিতে দৌড়েছিলাম’

‘৩৪ কিলোমিটার গতিতে দৌড়েছিলাম’
×
×

জাতীয় দলের নাম্বার টেন রাকিব হোসেন। ছবি: ফাইল

সাখাওয়াত হোসেন জয়

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫ | ১১:২৯

ভারতকে হারানোর পরদিনই চলে যান বাড়িতে। পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে সময়টা উপভোগ করছেন রাকিব হোসেন। তাদের সঙ্গেও আলোচনায় ভারতের বিপক্ষে দীর্ঘ ২২ বছর পর জয়ের প্রসঙ্গ। তাঁর চোখ ধাঁধানো অ্যাসিস্টে শেখ মোরছালিন করেছেন গোল। অনেকেই গোলের জন্য পুরো কৃতিত্ব দিচ্ছেন রাকিবকে। বসুন্ধরা কিংসের এ ফরোয়ার্ড অবশ্য এসব নিয়ে ভাবছেন না; বরং এ সাফল্য ঘিরে সামনে কীভাবে ভালো করা যায়, সেটাতে মনোযোগ তাঁর। ভারতকে হারানো, ভবিষ্যৎ লক্ষ্যসহ নানা বিষয়ে রাকিব হোসেন কথা বলেছেন সমকালের সঙ্গে। শুনেছেন সাখাওয়াত হোসেন জয়

সমকাল: ভারতের বিপক্ষে অবিস্মরণীয় জয়ে আপনার অবদান আছে।

রাকিব: ২২ বছর পর ভারতকে হারাতে পেরেছি– এটা অবশ্যই ভালো লাগার কথা। ভারতের সঙ্গে আমাদের একটা প্রতিদ্বন্দ্বিতা আছে। তাদের সঙ্গে ম্যাচ হলেই দর্শকসহ সবার চাওয়া থাকে আমরা যেন জিতি। দেশের কোটি ফুটবলপ্রেমীদের স্বপ্নপূরণ করতে পেরেছি বলে ভালো লাগছে।

সমকাল: মোরছালিনের গোলে নিজের অ্যাসিস্ট সম্পর্কে একটু বলেন।

রাকিব: আমরা যে অবস্থায় ছিলাম, তখন বাঁ পায়ে বলটা মারা যেত না। আমি যখন পড়ে যাচ্ছিলাম,তখন ডান পায়ে পাসটা দিয়েছি। আর বলের কাছ থেকে আমার বাঁ পা দূরে ছিল। আর মোরছালিনও ঠিক সেই সময় বক্সের মধ্যে ছিল, যে কারণে গোলটি হয়েছে।

সমকাল: মোরছালিনের সঙ্গে আপনার রসায়নটা কেমন?

রাকিব: মোরছালিনের সঙ্গে আমার বোঝাপড়াটা দারুণ। সেই সাফ থেকেই আমরা একসঙ্গে খেলে আসছি। বসুন্ধরা কিংসেও আমরা একসঙ্গে অনেক দিন ধরে খেলে আসছি। 

সমকাল: ভারতকে হারানোর পর রাতটি কেমন কেটেছিল?

রাকিব: এটা বলার মতো না। আমরা মাঠে উদযাপন করেছি। এরপর ড্রেসিংরুমে গিয়ে নাচ-গান করেছি। সেখান থেকে টিম হোটেলে যাওয়ার পরও উদযাপন করেছি। আসলে ভারতের মতো দলকে হারানোর পর এমন উদযাপনটা তো স্বাভাবিক। 

সমকাল: এশিয়ান কাপ বাছাইপর্বে অনেক ম্যাচেই আপনারা জেতার অবস্থায় ছিলেন।

রাকিব: হ্যাঁ। আমরা কিন্তু শিলংয়ে ভারতের বিপক্ষে জিততে পারতাম। এরপর সিঙ্গাপুর, হংকংয়ের মতো দলের বিপক্ষে হারছি কিংবা ড্র করেছি; সেই ম্যাচগুলো আমাদের জেতার অবস্থায় ছিল। এমন না যে আমরা খারাপ ফুটবল খেলছি। সবার সঙ্গেই চোখে চোখ রেখে ভালো ফুটবল খেলেছি। অপ্রত্যাশিতভাবে ভাগ্য আমাদের অনুকূলে ছিল না বলে আমরা ম্যাচ হারছি কিংবা ড্র করেছি। 

সমকাল: জাতীয় দলের জার্সিতে যে কয়টি ম্যাচ জিতেছেন, তার মধ্যে বিশেষ কোনটি?

রাকিব: ভারতের বিপক্ষে জয়টিই আমি এগিয়ে রাখব। ভারতের সঙ্গে সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে ড্র করেছিলাম। সম্ভবত একটি ম্যাচ হেরেছি। তাও ৮০ মিনিট পরে গোল হজম করেছি। ওদের সঙ্গে আমাদের খেলা সবসময় অন্যরকম হয়। 

সমকাল: শেষ মুহূর্তে গোল হজমের একটা রীতি আছে বাংলাদেশের ফুটবলে। ভারত ম্যাচে সেই ভয়টা কাজ করেছিল কিনা?

রাকিব: একটু ভয় কাজ করছিল। কারণ আগের ম্যাচেই নেপালের বিপক্ষে আমরা একেবারে শেষ মিনিটে গোল হজম করি। এবার আমরা সতর্ক ছিলাম। আর ভাগ্য আমাদের সহায় ছিল বলে অতীতের মতো দুঃস্বপ্ন হয়নি।

সমকাল: প্রথমার্ধে গোলের পর ড্রেসিংরুমে আপনাদের মধ্যে কী আলোচনা হয়েছিল?

রাকিব: গোল যেহেতু করেছি, এটা ধরে রাখতে হবে। কোচ বলেছেন প্রথমার্ধে যা খেলেছি, দ্বিতীয়ার্ধে তার চেয়ে বেশি পরিশ্রম করতে হবে। যে করেই হোক ম্যাচটি জিততে হবে। 

সমকাল: ভারতের বিপক্ষে জয়ের পর এশিয়ান কাপে খেলতে না পারার আফসোস কাজ করছে কিনা?

রাকিব: আফসোস তো অবশ্যই লাগছে। তবে এখন যেহেতু একটি ম্যাচ জিতেছি, আমাদের জয়ের অভ্যাস করতে হবে। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। সেটা করতে পারলে অবশ্যই আমরা লক্ষ্য অর্জন করতে পারব।

সমকাল: সবাই বলছে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দ্রুতগতির উইঙ্গার আপনি।

রাকিব: এটা শুনে আমার খুব ভালো লাগছে। সামনে আরও ভালো করতে প্রেরণা হিসেবে এটি কাজ করবে। ভারত ম্যাচের পর কোচ (হ্যাভিয়ের ক্যাবরেরা) আমাকে জানান, তুমি বল পায়ে আজ ৩৪ কিলোমিটার গতিতে দৌড়েছ।

সমকাল: ফুটবলে জোয়ার চলছে। কিন্তু মানুষ চায় সাফল্য। একজন ফুটবলার হিসেবে আপনার স্বপ্ন কী?

রাকিব: আমার স্বপ্ন সাফ ট্রফি জেতা। কারণ দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ জেতার স্বপ্ন সবারই থাকে। 

সমকাল: হামজা-শমিতের মতো ফুটবলারদের সঙ্গে আপনার সম্পর্কটা কেমন?

রাকিব: সবার সঙ্গে সম্পর্ক ভালো। ওরা হয়তো প্রবাসী; মাঠে সবাই তো আমাদের দেশি ফুটবলার। 

সমকাল: হামজা আপনাদের কতটা অনুপ্রেরণা দেন?

রাকিব: হামজার মতো একজন ফুটবলারের সঙ্গে খেলাটা অবশ্যই স্বপ্ন পূরণের মতো। অনুশীলন থেকে শুরু করে সব জায়গাতে তিনি আমাদের প্রেরণাদায়ক কথা বলেন। ভারত ম্যাচ নিয়ে বেশ কয়েকবার আমাদের সঙ্গে আলোচনা করেছেন। বলেছেন এই ম্যাচটি জিততে হবে। ভারতের বিপক্ষে ম্যাচে ডিফেন্সে তিনি অনেক সাহায্য করেছেন। ভারতের একটা নিশ্চিত গোল তিনি ঠেকিয়েছেন। আগের ম্যাচগুলোতে গোল করেছেন।

আরও পড়ুন

×