বাফুফের ‘মিশন অস্ট্রেলিয়ায়’ নতুন মাত্রা
ছবি- বাফুফে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫ | ১০:৫৯
বাংলাদেশের নারী ফুটবলে সবচেয়ে বড় ইতিহাস রচনা করেন ঋতুপর্ণা চাকমা-মণিকা চাকমারা। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বের টিকিট কাটেন। যে আসরটি বসতে যাচ্ছে আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায়। এ প্রতিযোগিতা সামনে রেখে গত জুলাইয়ে বাফুফে ঘোষণা করেছিল বিশেষ পরিকল্পনা ‘মিশন অস্ট্রেলিয়া’। এবার সেই অভিযানে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে।
গতকাল বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, ‘যত বেশি মানসম্পন্ন আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে মেয়েরা, এশিয়ান স্তরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। তাই অস্ট্রেলিয়া যাওয়ার আগে আমরা আরও কয়েকটি ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের চেষ্টা করছি।’
এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে গত অক্টোবরে থাইল্যান্ডে খেলা দুটি প্রীতি ম্যাচে হেরেছিল পিটার বাটলারের দল। এবার ঘরের মাঠে তিন জাতি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। স্বাগতিকদের সঙ্গে লড়বে মালয়েশিয়া ও আজারবাইজান। ২৬ নভেম্বর মালয়েশিয়া এবং ২ ডিসেম্বর আজারবাইজানের মুখোমুখি হবেন আফঈদা খন্দকার-রুপনা চাকমারা। মাঝে ২৯ নভেম্বর খেলবে আজারবাইজান ও মালয়েশিয়া।
এশিয়ান কাপের প্রস্তুতির জন্য শুধু ম্যাচ নয়, অস্ট্রেলিয়ার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আগেভাগে দেশ ছাড়ার পরিকল্পনার কথাও জানান বাফুফে সভাপতি, ‘ওখানে আগে গেলে মেয়েরা দ্রুতই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে। পাশাপাশি ক্লোজডোর কিছু ম্যাচ খেলার পরিকল্পনাও আছে। ইতোমধ্যে এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। শুধু প্র্যাকটিসে আটকে থাকলে খেলোয়াড়দের মানসিক চাপ বাড়ে। তাই আমরা চাই তারা নিয়মিত খেলুক, নারী লিগ দ্রুত শুরু হোক এবং বিভিন্ন প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ হোক।’
মিশন অস্ট্রেলিয়ার প্রস্তুতি অনেক আগে শুরু হলেও এবার তা আরও গতি পাচ্ছে। পুরো অভিযানে আনুমানিক তিন কোটি টাকা ব্যয় হতে পারে বলে জানিয়েছেন তাবিথ আউয়াল।
ত্রিদেশীয় সিরিজের জন্য টাইটেল স্পন্সর হিসেবে বাফুফে পেয়েছে ইনফিনিক্সকে। তাদের সঙ্গে চুক্তি আগামী এপ্রিল পর্যন্ত। একই সঙ্গে সাফ জয়ের পর ঘোষিত দেড় কোটি টাকা এই বছরের মধ্যে মেয়েদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান তাবিথ, ‘আমরা যেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটা দিতে পারনি। বর্তমান পরিকল্পনা অনুযায়ী এ আর্থিক বছরে দিয়ে দিব। আমি কনফিডেন্টলিই বলতে পারি, এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিশ্রুতি পূরণ করব।’
- বিষয় :
- নারী ফুটবল
- ঋতুপর্ণা চাকমা
