চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১৭ পর্তুগাল দলকে রোনালদোর অভিনন্দন
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জয়ী পর্তুগালের উদযাপন। ছবি: এক্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫ | ১৬:৫১
অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপের ফাইনালে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়েছে পর্তুগাল। প্রথমবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের চ্যাম্পিয়ন পর্তুগাল দলকে অভিনন্দন জানিয়েছেন দেশটির ইতিহাসের সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।
কাতারে অনুষ্ঠিত ফাইনালে ম্যাচের ৩২ মিনিটে বেনফিকায় খেলা তরুণ আনিসিও কাবরাল গোল করেন। অস্ট্রিয়া শোধ আর করতে পারেনি। এর আগে সেমিফাইনালে টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে ফাইনালে আসে তারা।
চ্যাম্পিয়ন্স দলকে ইনস্টাগ্রামে এক ছোট্ট পোস্ট দিয়ে, ‘জায়ান্টস! অভিনন্দন, বিশ্ব চ্যাম্পিয়নরা’ পোস্ট দিয়েছেন রোনালদো। তবে যে ছবিটা তিনি দিয়েছেন তা গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। ছবিতে বিশ্বকাপের শিরোপা মাঝখানে দিয়ে খেলোয়াড়দের নানা পোজের ছবি যুক্ত করা হয়েছে।
এর আগেও রোনালদো পুর্তগালের ভবিষ্যত এই প্রজন্মের প্রতি সমর্থন জানিয়েছেন। তাদের উদ্বুদ্ধ করতে রোনালদো বলেছিলেন, ‘দেশকে প্রতিনিধিত্ব করার চেয়ে বড় আর কিছুই হতে পারে না।’
রোনালদোর পর্তুগাল ইউরো চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু পর্তুগাল কখনো বিশ্বকাপের ফাইনালে যেতে পারেনি। বিশ্বকাপে ভালো করা অভ্যাসের বিষয় বলে পিয়ার্স মরগানকে এক সাক্ষাৎকারে বলেছিলেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের উদাহরণ দিয়ে বলেছিলেন- আর্জেন্টিনা আগেও দু’বার বিশ্বকাপ জিতেছে। পর্তুগাল কখনো ফাইনালে উঠতে পারেনি। সুতরাং পর্তুগাল বিশ্বকাপ জিতলে তা বিশাল ঘটনা হয়ে যাবে। যেটা ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স জিতলে হবে না।
- বিষয় :
- ফিফা
- ক্রিস্টিয়ানো রোনালদো
