ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

লিভারপুলের দুর্দশার দায়ে স্লট কি চাকরি হারাবেন

লিভারপুলের দুর্দশার দায়ে স্লট কি চাকরি হারাবেন
×

লিভারপুলের কোচ আর্নে স্লট ও খেলোয়াড় মো সালাহ। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫ | ১৮:৩৯

অভিষেকেই প্রিমিয়ার লিগ জিতিয়ে লিভারপুলের নয়নের মণি হয়ে উঠেছিলেন আর্নে স্লট। সেই স্লট মুদ্রার উল্টো পিঠটাও দেখে নিলেন। টানা সাত জয়ে মৌসুম শুরু করা দলটি এখন জিততে ভুলে গেছে। সর্বশেষ ১২ ম্যাচের ৯টিতে হেরেছে তারা।

বুধবার ঘরের মাঠে পিএসভির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। এর মধ্যে ডাচ কোচের ছাঁটাইয়ের গুঞ্জনও শোনা যাচ্ছে। রোববার ওয়েস্ট হ্যামের বিপক্ষে লিগ ম্যাচ খেলতে নামবে অল রেডসরা। ওই ম্যাচে হারলে স্লটের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম দাবি করেছে।

পিএসভির বিপক্ষে হারের পর প্রশ্নের জবাবে স্লট বলেছেন, ছাঁটাই হওয়ার ভয় করছেন না তিনি, ‘একদমই না। নিজের পদের কথা নয়, আমার সব ভাবনা ও মনোযোগ অন্যান্য বিষয় ঘিরে। সবকিছু পর্যালোচনার চেষ্টা করছি, যতটা সম্ভব খেলোয়াড়দের সাহায্য করার চেষ্টা করছি। এটা নিশ্চিত যে গত মৌসুমে আমি যেভাবে তা করেছিলাম, এখন সেভাবে সবকিছু কাজ করছে না।’

সূত্রের বরাত দিয়ে মেইল স্পোর্টস জানিয়েছে, তারা লিভারপুলের ও ক্লপে খুব কাছের ব্যক্তিদের সঙ্গে কথা বলতে পেরেছেন। লিভারপুল এই মুহূর্তে ক্লপকে বরখাস্ত করার কথা ভাবছে না, ‘স্লটের পদ একেবারেই নিরাপদ। পিএসভির বিপক্ষে হারের কারণে লিভারপুল কোচ বদলের চিন্তা করছে না।’

গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন লিভারপুল এবার টেবিলে ১৮ পয়েন্ট নিয়ে ১২তম অবস্থানে আছে। শীর্ষে থাকা আর্সেনাল তাদের চেয়ে সমান ১২ ম্যাচে ১১ পয়েন্টে এগিয়ে। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আছে ১৩তম অবস্থানে। সেরা আটে থেকে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম লিভারপুলের।

দলটির এই ব্যর্থতার পেছনে জেমি ক্যারাগার অবশ্য তিন সিনিয়র ফুটবলারকে দায়ী করেছে। তারা হলেন- অধিনায়ক ফন ডাইক, চুক্তি নবায়ন করা অ্যাটাকার মো সালাহ এবং অভিজ্ঞ গোলরক্ষক অ্যালিসন। ক্যারাগারের মতে, অ্যালিসন অধিকাংশ সময় ইনজুরিতে থাকেন। খেলার অবস্থায় নেই তিনি। সালাহ যেন তার পা হারিয়ে ফেলেছেন। আর ফন ডাইক হারিয়েছেন ধার। 

আরও পড়ুন

×