‘অপছন্দের’ রদ্রিগো-বেলিংহামরা জাবির পাশে
জাবি আলোনসোও রদ্রিগো গোয়েস। ছবি: সংগৃহিত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫ | ১৮:৫৮
কার্লো আনচেলত্তি গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে কিছুই জেতাতে পারেননি। তার জায়গায় ঘরের ছেলে জাবি আলোনসো কোচ হয়ে আসায় ভক্তরা খুশি হয়েছিলেন। কিন্তু লেভারকুসেনে দুর্দান্ত সময় কাটানো জাবি লস ব্লাঙ্কোসদের কক্ষপথে ফেরাতে পারেননি।
বুধবার রাতে ম্যানসিটির বিপক্ষে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। লিগেও সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। যে কারণে জাবি চাকরি হারাতে পারেন বলে গুঞ্জন উঠেছে। তবে কোচের পাশে আছেন তার অপছন্দের তালিকায় থাকা ফুটবলাররা।
এর আগে সংবাদ মাধ্যম দাবি করেছিল, রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়রের দলে ভাগ হয়ে গেছে। এমবাপ্পের দলে আছেন আলভারো কারেরাস, মাস্তানতুনো, ডিন হুইসেনরা। ভিনি, রদ্রিগো, বেলিংহাম, ভালভার্দেরা অন্য গ্রুপে।
এর মধ্যে ম্যানসিটির বিপক্ষে হারের পর রদ্রিগো-বেলিংহামরা জানিয়েছেন তারা কোচ জাবির পাশে আসেন। রদ্রিগো যেমন বলেছেন, ‘আমরা জানি, এখানে অনেক চাপ। মাঠে পরিকল্পনা আপনার পক্ষে না আসলে এটা হওয়াই স্বাভাবিক। গোলের পর আমি জাবিকে আলিঙ্গন করে বোঝাতে চেয়েছিলাম যে, আমরা দল হিসেবে একসঙ্গে আছি।’
বেলিংহাম বলেন, ‘তিনি দারুণ কোচ। আমার সঙ্গে সম্পর্কও অসাধারণ। তার অধীনে অনেক তরুণ ভালো করছে। কয়েকটা ম্যাচে আমরা নিজেরাই দলকে পিছিয়ে দিয়েছি। কিন্তু মৌসুম শেষ হওয়ার আগে আমরা কারো বিরুদ্ধে অভিযোগ করতে পারি না।’
রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কর্তোয়া আরও পরিষ্কার করে জানিয়েছেন, জাবি বরখাস্তের দ্বারপ্রান্তে ছিলেন না, ‘আমরা এমন কিছু দেখি না। আমরা জিততে চেয়েছিলাম, কারণ আমরা জানি কোন পরিস্থিতিতে আছি। আমরা লা লিগায় অনেক পয়েন্ট হারিয়েছি। এখন চ্যাম্পিয়ন্স লিগেও। সেরা আটের বাইরে যাওয়া আমরা মেনে নিতে পারবো না।’
