মেসি-রোনালদোর যে প্রেরণায় উজ্জীবিত হালান্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫ | ২১:২১
হতে পারত বিশ্বকাপের আগে দুই তারকার প্রথম মুখোমুখি লড়াই। কিন্তু বার্নাব্যুতে সেদিন আঙুলের চোট নিয়ে ডাগআউটে বসে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। সে কারণে মুখোমুখি হওয়া হয়নি আর্লিং হালান্ডের। চ্যাম্পিয়ন্স লিগের সেই ম্যাচে গোল করে ম্যানসিটিকে জয় এনে দিয়েছেন হালান্ড। রিয়াল মাদ্রিদের উঠোনে এসে প্রথমবারের মতো নিজের প্রবল উপস্থিতি জানান দিয়েছেন নরওয়ের এই তারকা।
ম্যাচ শেষে জানিয়েছেন রোনালদোর বার্নাব্যুতে গোল করতে পেরে তিনি দারুণ খুশি। ম্যাচ শেষে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন তাহলে কি ক্রিশ্চিয়ানো রোনালদোই তাঁর প্রেরণা? বিশেষ করে রোনালদোর সঙ্গে তাঁর শারীরিক উচ্চতা এবং খেলার ক্ষিপ্রতার চমৎকার মিল খুঁজে পান অনেকেই। উত্তরে শুধু রোনালদো নয় মেসির নামও নিয়েছেন বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম এই তারকা ফুটবলার।
‘অবশ্যই, আমার মনে হয় এই বিশ্বের প্রতিটি ফুটবলারের জন্য ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিওনেল মেসি অনুপ্রেরণা। সবার সামনে তারা দুজন উদাহরণ তৈরি করে দিয়েছেন। দেখিয়ে দিয়েছেন কীভাবে ফুটবলের সর্বোচ্চ মঞ্চে পারফর্ম করতে হয়, কীভাবে টানা ১৫ বছর কোনো লিগে দাপট দেখাতে হয়।’ টিএনটি ব্রাজিলকে দেওয়া প্রতিক্রিয়ায় এভাবেই দুই কিংবদন্তির প্রতি সম্মান দেখান হালান্ড।
বছর পঁচিশের হালান্ড তাঁর ক্যারিয়ারে চ্যাম্পিয়ন্স লিগের ৫৪টি ম্যাচ খেলে ৫৫ গোল করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে এই মুহূর্তে ১৫ ম্যাচ খেলে ১৫ গোল করে শীর্ষে রয়েছেন। এভাবেই আরও লম্বা সময় ফর্মের চূড়ায় থাকতে চান হালান্ড। সেই কারণেই তাঁর সামনে দুই উদাহরণ–বছর চল্লিশের ক্রিশ্চিয়ানো রোনালদো, যিনি কিনা এরই মধ্যে ৯৫০টি গোল করেছেন। এবারের বিশ্বকাপেও পর্তুগালের হয়ে খেলতে নামবেন। অন্য উদাহরণ বছর আটত্রিশের লিওনেল মেসি, যিনি কিনা এই বয়সেও যুক্তরাষ্ট্র সকার লিগে সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন। দুজনের সঙ্গে ক্লাবে যা চুক্তি, তাতে আরও বছর দুয়েক দুজন দিব্যি খেলে যেতে পারবেন।
‘আমি ক্রিশ্চিয়ানোকে দেখে মুগ্ধ, দেখুন কীভাবে তিনি এই বয়সেও নিজের শরীরের যত্ন নেন। তাঁকে দেখে মনেই হয় না চল্লিশ চলছে। তিনি এখনও যে কোনো পর্যায়ে সর্বোচ্চ দিয়ে খেলতে পারেন। তাঁর এই পরিশ্রম আর নিষ্ঠাকে আমি দারুণভাবে শ্রদ্ধা করি। তিনি যেভাবে নিজেকে ফিট রেখেছেন, তা সহজ ব্যাপার নয়।’
হালান্ডের দল নরওয়ে ২৮ বছর পর বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। যেখানে গ্রুপ পর্বেই তাদের মোকাবিলা করতে হবে এমবাপ্পের ফ্রান্সকে। হালান্ড সেই চ্যালেঞ্জ নিয়েছেন। ‘বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়াটা আমার জন্য বিশেষ কিছু। কেননা শেষবার নরওয়ে যখন বিশ্বকাপ খেলেছিল, তখন আমার জন্মই হয়নি। দারুণ হবে সেখানে গ্রুপ পর্বেই ফ্রান্সের সঙ্গে দেখা হওয়ায়।’
- বিষয় :
- আর্লিং হ্যালন্ড
- কিলিয়ান এমবাপ্পে
