বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১২১ রানেই অলআউট বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫ | ১৭:৩৯ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ | ১৭:৪৪
গ্রুপ পর্বে টানা তিন জয়ে সেমিফাইনালে পা রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে এসেই ব্যাটিং বিপর্যয়ে পড়ল আজিজুল হাকিমের দল। পাকিস্তানের বোলিং তোপে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নির্ধারিত ২৬.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১২১ রানের পুঁজি পেয়েছে জুনিয়র টাইগাররা। ফাইনালে পা রাখতে হলে এই স্বল্প পুঁজি নিয়েই পাকিস্তানকে আটকাতে হবে বাংলাদেশের বোলারদের।
শুক্রবার দুবাইয়ে বৃষ্টির কারণে ভেজা আউটফিল্ডের জন্য নির্ধারিত সময়ের প্রায় চার ঘণ্টা পর টস অনুষ্ঠিত হয়। কার্টেল ওভারের ম্যাচে ২৭ ওভারে নেমে আসা খেলায় টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান।
ব্যাট করতে নেমে শুরু থেকেই নড়বড়ে ছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার জাওয়াদ আবরার এদিন নামের প্রতি সুবিচার করতে পারেননি। দলীয় ২৪ রানের মধ্যেই দুই ওপেনার রিফাত বেগ (১৪) ও জাওয়াদ (৯) সাজঘরে ফিরলে শুরুতেই চাপে পড়ে দল।
অধিনায়ক আজিজুল হাকিম ও কালাম সিদ্দিকি মিলে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন। দলীয় হাফসেঞ্চুরি পার করে স্বপ্ন দেখাচ্ছিলেন আজিজুল। কিন্তু ১৩তম ওভারে আব্দুল সুবহানের তোপে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ওই ওভারের প্রথম বলে আজিজুল (২০) এবং শেষ বলে কালামকে (৮) ফিরিয়ে জোড়া আঘাত হানেন সুবহান।
এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ১৬ তম ওভারে ৭৩ রানেই ৬ উইকেট হারিয়ে বসে তারা। ৯৩ রানে ৭ উইকেট পতনের পর দলীয় স্কোর ১০০ পার করা নিয়েই শঙ্কা জাগে। তবে শেষদিকে সামিউন বশির রাতুলের প্রতিরোধে সম্মানজনক পুঁজি পায় বাংলাদেশ। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখে ৩৭ বলে ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রাতুল। তার লড়াইয়ে শেষ পর্যন্ত ২৬.৩ ওভারে ১২১ রানে অলআউট হয় বাংলাদেশ।
পাকিস্তানের বোলারদের মধ্যে আব্দুল সুবহান একাই ৪ উইকেট শিকার করেন। এছাড়া হুজাইফা আহসান নেন ২ উইকেট। এদিকে দিনের অপর সেমিফাইনালে লড়ছে ভারত ও শ্রীলঙ্কা।
