ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পিএসজি ও দেম্বেলের বাজিমাতের বছর

সালতামামি

পিএসজি ও দেম্বেলের বাজিমাতের বছর
×

পিএসজি শিরোপা উদযাপন। ছবি: ফাইল

...

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫ | ১৮:৪০ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ | ১৮:৪১

দুয়ারে কড়া নাড়ছে নতুন বছর। ২০২৫ সালের সায়াহ্নে এসে দেখা যাচ্ছে অনেক ‘প্রথম’ ঘটেছে এ বছর। এই প্রথমের ভিড়ে সবচেয়ে বড় চমকটা দেখিয়েছে পিএসজি। লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পেরা যা পারেননি, দেম্বেলে-ভিতিনহারা সেই বহু কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন ফরাসি ক্লাবটিকে।

লিওনেল মেসি যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামির হয়ে জিতেছেন প্রথম শিরোপা। ব্রাজিলের প্রথম বিদেশি কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কার্লো আনচেলত্তি। প্রথম ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে চেলসি। আর জনসংখ্যার বিচারে ক্ষুদ্রতম দেশ হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কুরাসাও। বছরান্তে ফুটবলের সাড়া জাগানো ঘটনাগুলো তুলে ধরেছেন নাজমুল হক নোবেল

অবশেষে পিএসজি: ২০২৫ সালে এসে কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার দেখা পেয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। মিউনিখে এক ঐতিহাসিক রাতে ৫-০ গোলে ইন্টার মিলানকে উড়িয়ে দিয়ে প্যারিসের ক্লাবটি স্বপ্ন পূরণ করে।

এই ট্রফির জন্যই মিলিয়ন মিলিয়ন ইউরো খরচ করে নাসের আল খেলাইফির নেতৃত্বাধীন কাতারি গ্রুপটি। লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পের মতো বিশ্বতারকারা যা পারেননি, লুইস এনরিকের কোচিংয়ে দেম্বেলে-দুয়েরা সেটিই করে দেখিয়েছেন। শুধু চ্যাম্পিয়ন্স লিগ নয়, এ বছর লিগ ওয়ান, ফরাসি কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ইন্টার কন্টিনেন্টাল কাপও জিতেছে পিএসজি।

ডেম্বেলের হাতে ব্যালন ডি’অর। ছবি: ফাইলদেম্বেলের উত্থান: পিএসজির মতো বছরটি উসমান দেম্বেলেরও। বার্সেলোনায় হারিয়ে যেতে বসা এ উইঙ্গারের যেন পুনর্জন্ম হয়েছে পিএসজিতে। ফরাসি ক্লাবটিকে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি। মৌসুমজুড়ে ফরাসি এ ফরোয়ার্ড করেছেন ৩৫ গোল, সঙ্গে ১৬টি অ্যাসিস্ট। ফুটবলে ব্যক্তিগত পারফরম্যান্সের সবচেয়ে বড় স্বীকৃতি ব্যালন ডি’অর এবং ফিফা দ্য বেস্ট। দুটি পুরস্কারই এ বছর উঠেছে দেম্বেলের হাতে।

দিয়াগো জোতার ট্র্যাজিক মৃত্যু: এ বছরের সবচেয়ে ট্র্যাজিক ঘটনা হলো লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়াগো জোতার মৃত্যু। লিসবনের বাড়িতে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে লিভারপুলের প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দিতে ৩ জুলাই সড়কপথে স্পেন হয়ে ইংল্যান্ড ফিরছিলেন তিনি। কিন্তু স্পেনের জামোরা প্রদেশে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এ তারকা। সঙ্গে তাঁর ছোট ভাই আন্দ্রে সিলভাও ছিলেন। মাত্র ২৮ বছর বয়সে প্রতিভাবান এ ফুটবলারের জীবন এভাবে থেমে যাওয়ায় স্তব্ধিত হয়ে পড়েছিল ফুটবলবিশ্ব।

জোতার বিয়োগে ফুটবলে শোকের ছাঁয়া। ছবি: ফাইলচেলসির ক্লাব বিশ্বকাপ: যুক্তরাষ্ট্রে বড় পরিসরে আয়োজিত প্রথম ক্লাব বিশ্বকাপ জিতেছে চেলসি। মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে ইউরোপসেরা পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জেতে লন্ডনের ক্লাবটি। আসরের সেরা ফুটবলার হয়েছেন চেলসির ইংলিশ তারকা কোল পালমার। যদিও নতুন এই আসরের কারণে ঠাসাঠাসি সূচিতে ইংলিশ ক্লাবটির ফুটবলাররা একের পর এক চোটে পড়েছেন, তবুও এই শিরোপা তাদের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।

যুক্তরাষ্ট্রে মেসির প্রথম: লিওনেল মেসি যাওয়ার আগে ইন্টার মায়ামি ছিল ট্রফিশূন্য। সেই দলটি মেসির হাত ধরে জিতেছে তিনটি শিরোপা। প্রথম দুই মৌসুমে লিগস কাপ সাপোর্টার শিল্ডের পর ২০২৫ সালে মেজর সকার লিগের সবচেয়ে মর্যাদাপূর্ণ এমএলএস কাপ।

ব্রাজিলে আনচেলত্তি: কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পর থেকেই গুঞ্জনটা ডালপালা মেলছিল। অবশেষে গত মে মাসে অবসান হয় সব অপেক্ষার। ব্রাজিলের ফুটবল ইতিহাসে প্রথম বিদেশি কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কার্লো আনচেলত্তি। ইতালির এই কোচ রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে ব্রাজিলে যোগ দেন। ক্লাব ফুটবলের প্রায় সব শিরোপা জেতা এ কোচকে কেন্দ্র করে হেক্সা (ষষ্ঠ বিশ্বকাপ) জয়ের স্বপ্ন দেখছে সেলেকাওরা।

মায়ামিতে মেসির শিরোপা উদযাপন। ছবি: ফাইলকুরুসাওয়ের রূপকথা: বিশ্বকাপ বাছাইপর্বে সবচেয়ে বড় রোমাঞ্চের নাম কুরুসাওয়া। রূপকথার গল্পের মতো বিশ্বকাপের টিকিট পেয়েছে জনসংখ্যার বিচারে সবচেয়ে ক্ষুদ্রতম ক্যারিবিয়ান অঞ্চলের ছোট্ট এ দ্বীপ। মাত্র ১ লাখ ৫৮ হাজার জনসংখ্যার দেশটি উত্তর আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শক্তিশালী জ্যামাইকাকে পেছনে ফেলে সবাইকে চমকে দেয়। ২০২৬ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে ৫ লাখ ২৫ হাজার জনসংখ্যার দেশ কেপ ভার্দেও।

আবার শঙ্কায় ইতালি: টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে উঠতে না পারার শঙ্কা ঘিরে ধরেছে ইতালিকে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপেও সরাসরি টিকিট পেতে ব্যর্থ হয়েছে তারা। তাদের প্লে-অফ খেলতে হবে। গত আসরের বাছাইপর্বে এই প্লে-অফ থেকেই ছিটকে গিয়েছিল তারা।

আরও পড়ুন

×