ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ক্লাসিকো জিততে সৌদিতে এমবাপ্পে, ইনজুরিতে রদ্রিগো    

ক্লাসিকো জিততে সৌদিতে এমবাপ্পে, ইনজুরিতে রদ্রিগো    
×

কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগো গোয়েস (ডানে)। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬ | ১৩:০৩ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ | ১৩:০৪

স্প্যানিশ সুপার কাপের ফাইনালের আগে রিয়াল মাদ্রিদ বস জাবি আলোনসো জানিয়েছেন, সৌদি আরবের বিমানে উঠেছেন কিলিয়ান এমবাপ্পে! মরুর বুকে বার্সার বিপক্ষে রোববারের ব্লকবাস্টার ফাইনালে খেলবেন ফরাসি ফরোয়ার্ড। তবে সেমিফাইনালে গোল করা রদ্রিগো গোয়েস ইনজুরির কারণে ফাইনালে অনিশ্চিত হয়ে পড়েছেন।

হাঁটুর চোটের কারণে দলের সঙ্গে সৌদি আরব আসেননি এমবাপ্পে। যে কারণে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে জেতা সেমিতে ছিলেন না তিনি। তবে অনুশীলন করে ম্যাচ খেলার মতো ফিট হয়ে উঠেছেন এমবাপ্পে। এ কারণে তাঁকে রিয়াদে উড়িয়ে আনছে রিয়াল মাদ্রিদ।

বৃহস্পতিবার রিয়াদের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে কষ্টের জয়ের পরই এ সুখবর দেন আলোনসো, ‘সে আগামীকাল (গতকাল শুক্রবার) রিয়াদের বিমানে চড়বে। এখানে আসার পর আমরা পরখ করে দেখব সে খেলার মতো অবস্থায় আছে কিনা।’

তবে আশাবাদী হওয়ার মতো কথাই বলেছেন তিনি, ‘আমরা যতটা জানতে পেরেছি, সে এখন অনেকটাই ভালো। পুরোদমে কয়েকটি অনুশীলন সেশনে অংশ নিয়েছে এবং সবকিছু চমৎকার আছে। আশা করছি, ফাইনালে সে খেলতে পারবে।’ এমবাপ্পে ফেরায় রিয়ালের আক্রমণভাগের চেহারা বদলে যাবে। বার্সাকেও ফাইনালের পরিকল্পনায় বদল আনতে হবে।

রিয়ালের কোচ জাবি আলোনসো বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন ব্রাজিলিয়ান তরুণ রদ্রিগোকে। শেষ পাঁচ ম্যাচেই গোল ও গোলে সহায়তা দিয়ে পুনরায় আস্থা অর্জন করেছেন তিনি। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ফাইনাল খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। প্রাথমিকভাবে তার ইনজুরি গুরুতর বলে সংবাদ মাধ্যম দাবি করেছে। আজ তার আরও কিছু টেস্ট করানো হবে।

আরও পড়ুন

×